শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ফিট থাকতে চান, অথচ ভাত-ডায়েট বিরক্তিকর লাগছে? চমকে দিন মুড়িতে!
অনলাইন ডেস্ক
শরীরচর্চা নয়, মুড়ি দিয়েই কি কমবে ওজন? জানুন বিশেষ তথ্য।
ওজন কমাতে খাদ্যাভ্যাসে আনতে হয় পরিবর্তন। বাঙালি মাছে-ভাতে মানুষ, তাই ওজন কমানোর তালিকা থেকে অনেকেই ছেঁটে ফেলেছেন ভাত। সেই জায়গায় জায়গা নিচ্ছে এক সহজলভ্য খাবার—মুড়ি।
চটপটে ক্ষুধা মেটাতে বহু বছর ধরেই মুড়ি বাঙালির পছন্দ। তবে এখন অনেকে মুড়িকে বেছে নিচ্ছেন ওজন কমানোর হাতিয়ার হিসেবে। কারণ, এতে ক্যালোরি কম, সহজপাচ্য এবং পেট ভরেও থাকে দীর্ঘক্ষণ। গ্লুটেনমুক্ত হওয়ায় হজমেও সহায়ক।
বিশেষজ্ঞরা বলছেন, মুড়িতে রয়েছে আয়রন ও ক্যালসিয়াম যা হাড় শক্ত করতে সহায়ক। মুড়ি খাওয়া যায় উচ্চ রক্তচাপের রোগীদেরও—কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
পুষ্টিবিদদের মতে, কলা, ছোলা, শসা বা ফাইবারসমৃদ্ধ খাবারের সঙ্গে মুড়ি খেলে তা শরীরের জন্য বেশি উপকারী।
তবে সতর্কতা জরুরি। অতিরিক্ত মুড়ি খেলে ইউরিক অ্যাসিড ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের দিনে ৫০ গ্রামের বেশি না খাওয়ার পরামর্শ। মুড়ির সঙ্গে ভাজাভুজি খেলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি।
সঠিকভাবে খেলে মুড়ি হতে পারে ওজন কমানোর সহজ, সাশ্রয়ী ও সুস্বাদু উপায়। তবে শারীরিক সমস্যা থাকলে পুষ্টিবিদের পরামর্শ নিতে ভুলবেন না।