মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
চীনা প্রেসিডেন্ট শি জিন পিং বাংলাদেশ-চীনের সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বিনিময় করা অভিনন্দন বার্তায় শি এ কথা জানান।
ঢাকায় চীনা দূতাবাস শনিবার জানিয়েছে, শি জিন পিং তার বার্তায় বলেছেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী বিনিময়ের ইতিহাস রয়েছে।
প্রেসিডেন্ট শি বলেন, গত ৫০ বছরে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি পরিবর্তন সত্ত্বেও, চীন ও বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে। পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং উইন-উইন সহযোগিতার মাধ্যমে বন্ধুত্বের উদাহরণ স্থাপন করেছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ পারস্পরিক আস্থা ও কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করেছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণ করা হয়েছে।
প্রেসিডেন্ট শি জিন পিং বাংলাদেশ-চীনের ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও যৌথ উন্নয়নের লক্ষ্যে কাজ করতে প্রস্তুত থাকার কথাও ব্যক্ত করেন।
অন্যদিকে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বার্তায় বলেছেন, গত ৫০ বছরে দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে গভীর বন্ধুত্বে পরিণত হয়েছে। চীনের স্থায়ী সহযোগিতা বাংলাদেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে।
তিনি আরও উল্লেখ করেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি বাড়াতে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের নেতা ও জনগণের যৌথ প্রচেষ্টায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বড় ফলাফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন।