বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নিষেধাজ্ঞা ভেঙে জীবন বাঁচানোই তাদের নায়ক হয়ে উঠিয়েছে!
অনলাইন ডেস্ক
জুলাই বিপ্লব চলাকালীন রক্তাক্ত আন্দোলনকারীদের জীবনের ঝুঁকি নিয়ে সেবা দেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ‘জুলাইয়ের নায়ক’ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠানে আহতদের চিকিৎসায় নিয়োজিতদের সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, জুলাই আন্দোলনে যখন গুলির আওয়াজে কেঁপে উঠেছিল নগর, তখন কিছু নিষ্ঠাবান চিকিৎসক সকল সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাসপাতালে ঢুকে আহতদের চিকিৎসায় নিজেদের উজাড় করে দেন। তাদের এই সাহসিকতা ও মানবিকতা ‘জুলাই বিপ্লবের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ’ হিসেবে ইতিহাসে লেখা থাকবে। আপনারাই এই সময়ের আসল নায়ক।
ড. ইউনূস অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে চিকিৎসা না দেওয়ার জন্য ভয়ভীতির রাজনীতি চালানো হয়। কিন্তু কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সেই নিষেধাজ্ঞা ভেঙে সামনে এগিয়ে যান। এ সময় তিনি বলেন, “আপনারা শুধু একজন রোগীকে বাঁচাননি, বাঁচিয়ে দিয়েছেন সাহস ও মানবিকতার চেতনা।”
তিনি আরও জানান, অনেকে নিজেদের পরিবার, ক্যারিয়ার, এমনকি স্বাধীনতা হুমকির মুখে রেখেও হাসপাতালে গোপনে রক্ত মজুত করেছেন, ওষুধ জোগাড় করেছেন, আক্রান্তদের পরিচয় গোপন রেখে নিরাপদ চিকিৎসা নিশ্চিত করেছেন। এমনকি কেউ কেউ প্রাইভেট ক্লিনিক ছেড়ে এসে সরকারি হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে চিকিৎসা দিয়েছেন।
ড. ইউনূস বলেন, “এই সাহসিকতা একদিন নতুন প্রজন্মের অনুপ্রেরণা হবে। যারা রক্ত ও আতঙ্কের ভেতরও চিকিৎসার আলোর প্রদীপ জ্বালিয়েছেন, তারা শুধুই চিকিৎসক নন—তারা আমাদের বিবেকের কণ্ঠস্বর, তারা সত্যিই জুলাইয়ের অগ্নিসন্তান।”
তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “যে জাতির মাঝে এমন সাহসী মানুষ থাকে, সে জাতিকে কখনও দাবিয়ে রাখা যায় না।”