বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
প্রযুক্তির আলোয় প্রতিবন্ধকতা নয়, সুযোগ তৈরি হচ্ছে নতুন করে!
অনলাইন ডেস্ক
বাক, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল যুগের সঙ্গে তাল মেলাতে বাংলা ভাষাভিত্তিক অত্যাধুনিক সফটওয়্যার আনছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। শিগগিরই স্ক্রিন রিডার ‘আলো’, ব্রেইল কনভার্টার ও ইশারা ভাষা ডিজিটাইজেশনভিত্তিক সফটওয়্যার উন্মুক্ত করা হবে। ইতিমধ্যে বাংলা সাইন ল্যাঙ্গুয়েজের ডেটাসেট প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘প্রতিবন্ধিতা জয় করতে প্রযুক্তি’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়িত ‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডার ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে ইশারা ভাষার দোভাষী হিসেবে দায়িত্ব পালন করেন আরাফাত সুলতানা লতা ও আরিফুল ইসলাম।
শীষ হায়দার চৌধুরী বলেন, ‘প্রযুক্তিগত ন্যায্যতা নিশ্চিত করতে অ্যাক্সেসিবিলিটি অপরিহার্য। প্রতিবন্ধিতাকে সীমাবদ্ধতা নয়, বরং প্রযুক্তির মাধ্যমে সম্ভাবনায় রূপান্তর করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার ও সাইন ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার এই লক্ষ্যে সহায়ক হবে।’
তিনি বলেন, প্রযুক্তিকে কেবল ডিভাইসে সীমাবদ্ধ না রেখে, সেটিকে দক্ষতা ও ক্ষমতায়নের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা প্রয়োজন।
মনসুর আহমেদ চৌধুরী বলেন, ‘আমি ৭ বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছি। তাই জানি, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল সংস্করণে তথ্য প্রদান কতটা প্রয়োজন।’
তিনি নির্মাণাধীন সফটওয়্যার দ্রুত উন্মুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন।
ধারণাপত্রে বলা হয়, ব্যবহারকারীকেন্দ্রিক ডিজাইনের মাধ্যমে মানব-কম্পিউটার যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।
সেখানে তুলে ধরা হয় বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ রিকগনিশন সিস্টেম, টেক্সট টু সাইন পাপেট, বাংলা টেক্সট টু ব্রেইল, স্ক্রিন রিডার ‘আলো’, এবং টিটিএসভিত্তিক অডিওবুক নির্মাণের অগ্রগতি।
প্রকল্প পরিচালক মো. মাহবুব করিম বলেন, ‘প্রযুক্তির সহায়তায় বাংলা ভাষাভাষীদের জন্য সমঅধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা ডিজিটাইজেশন, সাইন ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার ও ব্রেইল অ্যাপ দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রযুক্তি ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করবে।’