বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
রাজনৈতিক চাপেও অটল প্রধান উপদেষ্টা ইউনূস, থাকছেন দায়িত্বে!
অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের কোনও সিদ্ধান্ত নেননি, বরং দায়িত্বে থেকে সংকটের মোকাবিলা করবেন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
শনিবার (২৪ মে) সকালে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টাদের এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন সবাই। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন ১৯ জন উপদেষ্টা, যেখানে বাইরের কেউ উপস্থিত ছিলেন না।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টা কোথাও যাচ্ছেন না। তিনি এমন কিছু বলেননি। তিনি দায়িত্বে আছেন এবং থাকবেন। আমাদের অর্পিত দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দায়িত্ব ফেলে যেতে পারি না। কাজ করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, সেগুলো আমরা চিহ্নিত করেছি। এখন সেই সমস্যাগুলোর সমাধান করেই এগিয়ে যাব।”
গত বৃহস্পতিবার একটি অনির্ধারিত বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস উপদেষ্টাদের সামনে তার পদত্যাগের চিন্তার কথা জানান। তিনি অভিযোগ করেন, নানা পক্ষের প্রতিবন্ধকতা ও রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, যা নিয়ে তিনি হতাশ ও ক্ষুব্ধ।
ঘটনার খবর সামনে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে, যিনি ওইদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।
এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে প্রধান উপদেষ্টাকে দায়িত্বে থাকার আহ্বান জানানো হচ্ছে।