বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সরকারি শ্রমিকদের জন্য দারুণ সুখবর—দৈনিক মজুরি বাড়ছে!
অনলাইন ডেস্ক
সরকারি দপ্তরে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকদের জন্য সুখবর—আগামী ১ জুলাই থেকে তাদের মজুরি বাড়ছে উল্লেখযোগ্য হারে। এবার প্রতিদিনের মজুরি বাড়ছে ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২২৫ টাকা পর্যন্ত। নতুন নিয়মে একজন শ্রমিক দৈনিক সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন।
বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় নিযুক্ত নিয়মিত দক্ষ ও অনিয়মিত অদক্ষ শ্রমিকরা প্রতিদিন ৮০০ টাকা করে পাবেন। এত দিন তাদের যথাক্রমে ৬০০ ও ৫৭৫ টাকা দেওয়া হতো। অর্থাৎ সর্বোচ্চ ২২৫ টাকা পর্যন্ত মজুরি বেড়েছে।
বিভাগীয় শহর ও অন্যান্য সিটি করপোরেশন এলাকায় দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা, যেখানে আগে এটি ছিল ৬০০ ও ৫৫০ টাকা। এখানে শ্রমিকদের পারিশ্রমিক বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
জেলা ও উপজেলা পর্যায়ে এই মজুরি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা, যেখানে আগে নিয়মিত দক্ষ শ্রমিক পেতেন ৫৫০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিক পেতেন ৫০০ টাকা। এ ক্ষেত্রেও মজুরি বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
পরিপত্রে আরও বলা হয়েছে, ‘দৈনিকভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫’ অনুসরণ করে নিয়োগ, বেতন প্রদান ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। নিয়োগপ্রাপ্ত শ্রমিকের সংখ্যা অনুমোদিত হতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা।
এ ব্যয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থার বাজেট বরাদ্দ থেকেই মেটাতে হবে। তবে এই শ্রমিকদের মাসিক ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে না। কোনো অনিয়ম ধরা পড়লে দায় থাকবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষের ওপর। সমস্ত আর্থিক বিধিবিধান যথাযথভাবে মানতে হবে।
উল্লেখ্য, গত এপ্রিলেই সরকার ‘দৈনিকভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ জারি করে। সেখানে বলা হয়, বাংলাদেশের নাগরিক, যিনি ১৮ থেকে ৫৮ বছরের মধ্যে এবং মানসিক ও শারীরিকভাবে সক্ষম, তিনি এই নীতিমালার আওতায় সাময়িক শ্রমিক হিসেবে বিবেচিত হবেন। তবে একজন শ্রমিককে মাসে ২২ দিনের বেশি নিয়োগ দেওয়া যাবে না।