শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
ঢাবির ছাত্র মানেই সম্ভাবনা—আর পাশে থাকছে ডুয়া!
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক যেকোনো সংকটে ছাত্রদের পাশে থাকবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)—এমনটাই প্রতিশ্রুতি দিলেন ডুয়া আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার (৫ জুলাই) সকালে অ্যালামনাই ফ্লোরে বৃত্তি প্রদানের লক্ষ্যে সাক্ষাৎকার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, “তোমরা সবাই যোগ্য; এখানে যারা উপস্থিত তাদের প্রত্যেকেই বৃত্তির উপযুক্ত। ঢাকা ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়া যেমন সৌভাগ্যের, তেমনি দায়িত্বেরও। যেকোনো প্রয়োজনে আমাদের দ্বার খোলা।”
ছাত্রদলের সাবেক সভাপতি আরও বলেন, “তোমাদের চেহারায় আজ নিজের যৌবনের ঢাবি দিনগুলো খুঁজে পাচ্ছি। হতাশ হইও না—তোমরা ঢাবির ছাত্র, আর আমরা আছি তোমাদের সঙ্গেই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুয়া সদস্য সচিব আবদুল বারী ড্যানী, সংগঠনের নেতা মোস্তাফিজুর রহমান, সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, ডুয়া নিউজের সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী, সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, ডুপডার সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী, অধ্যাপক জাকির হোসেন জামাল এবং সুভ্রা দেবনাথ।
৫ জুলাই থেকে ডুয়া অফিসে শিক্ষার্থীদের বৃত্তি সাক্ষাৎকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি চলবে ৬, ৯, ১০, ১১ ও ১২ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ১১টায়।
প্রথম ধাপে ৫ ও ৬ জুলাই ‘জ’ গ্রুপের শিক্ষার্থীদের (ক্রমিক ১১০৭ থেকে ১২৬৪) সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে।
পরবর্তী ধাপে, ৯ ও ১০ জুলাই তিনটি গ্রুপে সাক্ষাৎকার হবে—‘চ’ (৭৯১–৯৪৮), ‘ঘ’ (৪৭৫–৬৩২), ও ‘গ’ (৩১৭–৪৭৪)।
১১ ও ১২ জুলাই অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারেও থাকছে তিনটি ধাপ—‘ছ’ (৯৪৯–১১০৬), ‘খ’ (১৫৯–৩১৬) ও ‘ক’ (১–১৫৮)। এ ছাড়া ‘ঙ’ গ্রুপের (৬৩৩–৭৯০) শিক্ষার্থীরাও এই দুই দিনে অংশ নেবেন বলে ডুয়া সূত্রে গণমাধ্যমকে জানানো হয়েছে।