শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
পাকিস্তান সফর স্থগিত, নিরাপত্তা আগে!
অনলাইন ডেস্ক
উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে একাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করতে পাকিস্তান সফরের কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হওয়ায় সফরটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।
সোমবার (১৬ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
একই কারণে সফর বাতিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এ বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক নকীব বলেন, “বাংলাদেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পাকিস্তান সফরে যাচ্ছিলেন। আমাদের ফ্লাইট রুট ছিল মধ্যপ্রাচ্য হয়ে। কিন্তু বর্তমানে সেখানে ইরান-ইসরায়েল সংঘর্ষের জেরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। সে কারণে আমরা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সফর থেকে সরে দাঁড়িয়েছি। দুই সহকর্মী উপাচার্যও একই সিদ্ধান্ত নিয়েছেন।”
উল্লেখ্য, ইসলামি সম্মেলন সংস্থার বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সহযোগিতা বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দিতে সাত দিনের সফরে পাকিস্তানে যাওয়ার কথা ছিল রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবসহ আরও দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।