শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
জাতীয় নির্বাচনের আগে ছাত্রভোট চাই, নইলে আন্দোলন হবেই!
অনলাইন ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্রসংসদ নির্বাচন নিশ্চিত করার জোর দাবি তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।
বুধবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় শাখার আহ্বায়ক আবু বাকের মজুমদার।
এ দাবির পাশাপাশি তিনি আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। সেগুলো হলো—ঈদুল আজহার আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ কর্তৃক মনোনীত ও নির্দেশিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভিসি, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ছাত্রসংসদ নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে।
এই দাবিগুলো উপেক্ষিত হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। বুধবার বিকেলে গণমাধ্যমকে বাকের বলেন, “আমরা স্পষ্টভাবে আমাদের দাবি উপস্থাপন করেছি। এখন দাবি না মানলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।” তবে কী ধরনের কর্মসূচি নেওয়া হতে পারে, জানতে চাইলে তিনি জানান, “এখনো চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে।”
বাকের অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের আগেই ছাত্রসংসদ নির্বাচন ঠেকাতে একটি গোপন পরিকল্পনা চলমান। তিনি বলেন, “আমরা নিশ্চিত হয়েছি, কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ হাতে ভিসি ও প্রক্টর বসিয়ে শুধু থেমে থাকেননি, তাদেরকে রাজনৈতিক নির্দেশনাও দিচ্ছেন। আমাদের দাবি যদি উপেক্ষিত হয়, তাহলে এসব ভিসি-প্রক্টরের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।”