শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
দেশি ফলে ভরপুর মেলা, আসুন খুঁজে নিন প্রিয় স্বাদ!
অনলাইন ডেস্ক
‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’—এই মনকাড়া স্লোগানে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে আগামী বৃহস্পতিবার (১৯ জুন) থেকে শুরু হচ্ছে জাতীয় ফল মেলা। তিন দিনব্যাপী এই রঙিন উৎসব চলবে শনিবার (২১ জুন) পর্যন্ত।
কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মেলায় অংশ নিচ্ছে ২৬টি সরকারি ও ৪৯টি বেসরকারি প্রতিষ্ঠান। মোট ৭৫টি স্টলে প্রদর্শিত হবে নানা জাতের দেশি-বিদেশি ফল এবং ফল চাষের আধুনিক প্রযুক্তি।
বৃহস্পতিবার সকাল ১০টায় কেআইবি চত্বরে মেলার উদ্বোধন করবেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে কেআইবি মিলনায়তনে ‘স্বাস্থ্য, পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশী ফল: বর্তমান প্রেক্ষিত, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং প্রধান অতিথি থাকবেন কৃষি উপদেষ্টা।
শনিবার বিকেলে মেলা প্রাঙ্গণে আয়োজন করা হবে সেরা স্টল নির্বাচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ, যেখানে দর্শনার্থীরা রাসায়নিকমুক্ত সুস্বাদু ফল কিনতে পারবেন এবং জানতে পারবেন ফল চাষের নতুন প্রযুক্তি।