বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুর ভাগাভাগি নিয়ে মহিবুল ইসলাম ওহিদ নামে এক ব্যক্তি বোন ও ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন দুজন।
শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার শানঘাট দাড়িয়াপাড়ায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহতরা হলেন বোন জোসনা খাতুন (৬০) ও ভাবি জাকিয়া খাতুন (৪৫)। আহতদের মধ্যে রয়েছেন বড় ভাই জাহিদ (৫৫) ও আরেক বোন শামীমা খাতুন (৪৮)।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শানঘাট দাড়িয়াপাড়ার বাসিন্দা আজিজ ফরাজির ছেলে জাহিদ ও মহিবুল ইসলাম ওহিদ উভয়েই তাদের পরিবার নিয়ে গাংনীর উপজেলা শহরে বসবাস করেন। মহিবুল ইসলাম ওহিদ তার বাবার সম্পত্তির দেড় একর জমির পুকুর জবরদখল করে মাছ চাষ করে আসছিলেন।
শনিবার বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ পুকুর ভাগাভাগি নিয়ে ভাইবোনদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। একপর্যায়ে মহিবুল ইসলাম ওহিদ ধারালো অস্ত্র দিয়ে সকলকে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে নিহত হন বোন জোসনা ও ভাবি জাকিয়া খাতুন। আহত হন ভাই জাহিদ ও আরেক বোন শামীমা।
ঘটনার পরপরই ঘাতক মহিবুল ইসলাম ওহিদ পালিয়ে যান। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বোন ও ভাবিকে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।