মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
বাংলাদেশের তৈরি পোশাক খাতকে নিয়ে প্রতিবেশী একটি দেশ ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসাইন। তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশ সরকার নিজেদের ক্ষতির মুখে ফেলে অন্য দেশের আতিথ্য করবে না। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গার্মেন্টস এক্সেসরিজ এবং যন্ত্রপাতির প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
ড. সাখাওয়াত অভিযোগ করেন, বিগত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে পুরো ব্যাংকিং খাত ধ্বংস করা হয়েছে। এসময় তিনি বলেন, কিছু মাফিয়া গ্রুপ তৈরি হয়েছিল এবং তাদের কার্যক্রম এবার বন্ধ করা হবে। বেক্সিমকোর উদাহরণ দিয়ে তিনি উল্লেখ করেন, কোনো ধরনের রপ্তানি ছাড়াই তারা একটি ব্যাংক থেকে ১০০ কোটি টাকা তুলে নিয়েছে। আরেকটি গ্রুপ একাই ৫৮ হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করেছিল।
বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। চার দিনব্যাপী আয়োজিত এ দুই প্রদর্শনীতে বিশ্বের ২৫টি দেশের ৫০০টি প্রতিষ্ঠান অংশ নেয়। গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনীর ১৪তম সংস্করণে তৈরি পোশাক উৎপাদনে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি, গার্মেন্টস এক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্য প্রদর্শিত হয়।