মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
নতুন আশা ও স্বপ্ন নিয়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত ‘২০২৫’। পুরনো বছরের স্মৃতি, অর্জন, ব্যর্থতা, সুখ-দুঃখ সবকিছু পেছনে ফেলে নতুন উদ্যমে বিশ্ববাসী শুরু করেছে নতুন বছরের পথচলা। বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নতুন বছরকে স্বাগত জানাতে ছিল বর্ণিল আয়োজন। ২০২৫ সালকে বরণ করতে ‘হ্যাপি নিউ ইয়ার-২০২৫’ উদযাপন হয়েছে ভিন্নমাত্রায়।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ঐতিহ্যবাহী আতশবাজির আলোর ঝলকানিতে নতুন বছরকে স্বাগত জানান। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় মনোমুগ্ধকর আলোকসজ্জা আর চোখজুড়ানো আতশবাজির প্রদর্শনী। বাংলাদেশের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ স্থানে নতুন বছর উদযাপনের জন্য জমকালো আলোকসজ্জা ও আকর্ষণীয় আতশবাজির আয়োজন করা হয়। উৎসবে মেতে ওঠেন নানা বয়সের মানুষ।
বিশ্বের নানা প্রান্তে নতুন বছর উদযাপনে বরাবরের মতো আয়োজন ছিল দৃষ্টিনন্দন। ২০২৪ সালের বিদায়ঘণ্টা বাজার পর থেকেই শুরু হয় নববর্ষকে বরণ করার ধুম। একে একে সময়ের ব্যবধানে বিভিন্ন দেশ প্রবেশ করে ২০২৫ সালে এবং এই দিনটি উদযাপনের ঢং ছিল বৈচিত্র্যময়।
নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে দেশের নিরাপত্তাব্যবস্থা ছিল কঠোর। ঢাকায় থার্টি ফার্স্ট নাইটের জন্য মোতায়েন করা হয় প্রায় ৩ হাজার পুলিশ সদস্য। ফলে সুশৃঙ্খল পরিবেশে মানুষ উদযাপন করতে পেরেছেন বর্ষবরণ উৎসব।
অন্যদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস আলাদা বার্তায় নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসী প্রিয়জন ও বন্ধুবান্ধবদের নববর্ষের শুভেচ্ছা জানাতে ব্যস্ত সময় পার করেছেন।