বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সারজিস আলম বলেন, ‘সবাই মিলে কীভাবে দ্রুত সেবা প্রদান করতে পারি, সেই লক্ষ্যে আমরা একটি রোডম্যাপ তৈরি করেছি। যাঁরা এখনও তাদের তথ্য জমা দেননি, তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। শহীদদের তালিকা যাচাই করা তুলনামূলক সহজ হলেও আহতদের তথ্য সংগ্রহে কিছু চ্যালেঞ্জ রয়েছে। ডকুমেন্টেশন না থাকার কারণে অনেকের আর্থিক সহায়তা দিতে দেরি হচ্ছে।’
এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, শহীদদের পরিবারকে এককালীন পাঁচ লাখ টাকা এবং আহতদের এক লাখ টাকা সহায়তা দেয়া হচ্ছে। তবে, কোনো আহত ব্যক্তির চিকিৎসায় যদি তিন লাখ টাকার বেশি খরচ হয়, সে ক্ষেত্রেও প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।