রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, সারা দেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে প্রায় ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং আরও ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকির আওতায় রাখা হয়েছে। তবে এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি।
আইজিপি জানান, এবারের নির্বাচনে নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনের উদ্যোগে ৮০ থেকে ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের পক্ষ থেকে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী জেলা পুলিশ সুপাররা ড্রোন ক্যামেরার সহায়তাও নেবেন।
তিনি আরও বলেন, চলতি নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন হিসেবে আয়োজন করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন উপলক্ষে সারা দেশে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য, প্রায় ৬ লাখ আনসার সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং প্রায় ১ লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আইজিপি আরও জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে স্ট্যাটিক ফোর্স দায়িত্ব পালন করবে, কেন্দ্রের আশপাশে মোবাইল টিম টহল দেবে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে স্ট্রাইকিং ফোর্স।
নিজের প্রত্যাশার কথা জানিয়ে আইজিপি বলেন, আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যাতে এই নির্বাচন হয় শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য। আমাদের প্রস্তুতি কতটা সফল হলো, তার মূল্যায়ন শেষ পর্যন্ত দেশবাসীই করবে।