রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই তথ্য জানান তিনি।
আওয়ামী লীগের কিছু নেতা ও প্রাক্তন মন্ত্রীকে ভারতে অবস্থান করতে দেখা গেছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের ফেরানোর কোনো পরিকল্পনা আছে কি না—এই প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারা সেখানে অবস্থান করছেন, সেটি আপনারা সংবাদমাধ্যমে দেখেছেন, আমি নিজেও সেটুকুই জেনেছি। এর বেশি কিছু আমার জানা নেই। মামলা যেহেতু চলছে বা হয়েছে, আদালত থেকে যদি নির্দেশ আসে যে তাদের হাজির করাতে হবে, আমরা অবশ্যই তাদের ফেরানোর চেষ্টা করব।”
সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার প্রতিবাদ নোট পাঠায়। ভারতের প্রধানমন্ত্রীও সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তাদের এই বক্তব্যগুলো শোভন মনে না হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন করা হলে, তৌহিদ হোসেন বলেন, “আমার মতে, আমরা যে বক্তব্য দিয়েছি, তা এই মুহূর্তে যথেষ্ট। দেখা যাক ভবিষ্যতে পরিস্থিতি কীভাবে বদলায়। তাদের সামনেই তো নির্বাচন রয়েছে। সেই নির্বাচন ঘিরেই তারা এমন সব মন্তব্য করে চলেছেন। আমরা চেষ্টা করব যেন এসব মন্তব্য যতটা সম্ভব কম হয় বা না হয়।”
৫ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিকসহ কারা দেশ ছেড়েছেন, এমন কোনো তালিকা সরকারের কাছে রয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, “আমার কাছে কোনো তালিকা নেই। যেটুকু সংবাদমাধ্যমে দেখেছি, সেটুকুই জানি। তবে যদি প্রয়োজনীয় মনে হয়, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে এ ধরনের তালিকা চাইতে পারি।”