মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
তেতো করলা খেতে ভালো লাগে না? নারিকেল-চিংড়ির ঘ্রাণে বদলে যাবে ধারণা!
অনলাইন ডেস্ক
তেতো করলা খাওয়ার নাম শুনলেই নাক কুঁচকে যান? তাহলে এই রেসিপিটা আপনার জন্যই। নারিকেলের মোলায়েমতা আর চিংড়ির ঘ্রাণে করলার তেতোভাব এমনভাবে ঢাকা পড়ে যাবে, আপনি খেতে খেতেই অবাক হবেন—‘এটাকি করলাই?’
যা যা লাগবে:
দুই কাপ পাতলা করে কাটা করলা (২ ইঞ্চি লম্বা), এক কাপ করে লাল ও সবুজ ক্যাপসিকাম (চওড়া স্ট্রিপ করে কাটা), ৩ টেবিল চামচ তেল, ১ চা-চামচ গোটা জিরা, ১ কাপ পেঁয়াজ স্লাইস, আধা চা-চামচ হলুদ গুঁড়া, দেড় চা-চামচ মরিচ গুঁড়া, ১ চা-চামচ করে ধনে ও জিরা গুঁড়া, আধা চা-চামচ ও ১ চা-চামচ লবণ (আলাদা করে ব্যবহার হবে), ১ টেবিল চামচ চিনি, ১ কাপ চিংড়ি মাছ (ছোট আকারের), আর ১ কাপ ঘন নারিকেল বাটা।
রান্নার পদ্ধতি:
প্রথমে করলায় আধা চা-চামচ লবণ মেখে রেখে দিন ৩০ মিনিট। এরপর করলা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ফেলুন। এতে করলার অতিরিক্ত তেতোভাব অনেকটাই কমে যাবে।
চুলায় একটা প্যানে তেল দিন। গরম হলে জিরা ফোড়ন দিন, আর তারপর পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। এরপর চিংড়ি আর করলা একসঙ্গে দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট ভেজে নিন। এবার দিন নারিকেল বাটা আর হলুদ গুঁড়া। মিশিয়ে ঢেকে দিন ৮-১০ মিনিট, যেন সব উপাদান একসাথে দারুণভাবে রান্না হয়।
ঢাকনা খুলে এবার দিন লবণ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। ভালোভাবে নাড়াচাড়া করুন যাতে মশলাগুলো করলায় মিশে যায়। এখন দিন ক্যাপসিকাম। আরও ৫ মিনিট রান্না করুন। শেষ ধাপে চিনি ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে ২ মিনিট মৃদু আঁচে রান্না করলেই তৈরি হয়ে যাবে করলা-চিংড়ির এই স্বর্গীয় পদ।
পাতে পরিবেশন:
এই পদটা গরম ভাতের সঙ্গে খেলে স্বাদ দ্বিগুণ হবে। চাইলে ভর্তার পাশে বা আলাদা তরকারি হিসেবেও পরিবেশন করতে পারেন।
তেতো করলা যে এতো মজার হতে পারে, না খেলে বিশ্বাস করবেন না!