শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সাম্যের রক্ত বৃথা যাবে না—জাবি ছাত্রদলের হুঙ্কার!
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত কর্মসূচিতে বক্তারা সাম্য হত্যার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা “জাস্টিস জাস্টিস, ওয়ে ওয়ান জাস্টিস”, “সাম্য হত্যার বিচার চাই”, “ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কি করে?”সহ বিভিন্ন স্লোগানে ক্ষোভ প্রকাশ করেন।
জাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “সাম্যর ওপর এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। কোনো সাধারণ অপরাধ নয়, এটি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কণ্ঠরোধ করার চেষ্টা। দুঃখজনকভাবে কিছু মহল ঘটনাটি সোহরাওয়ার্দী উদ্যানে ঘটেছে বলে প্রচার করছে, অথচ তা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই ঘটেছে।”
শাখা আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “একজন মেধাবী শিক্ষার্থীকে হত্যা করে সরকার ও প্রশাসন দায় এড়াতে পারে না। নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি এখন সারাদেশের ছাত্রসমাজের। জাকসু নির্বাচনের প্রাক্কালে আমরা নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগছি। জুলাইয়ে হামলার সঙ্গে জড়িতদের এখনো বিচারের আওতায় না আনায় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ।”
কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং কালো ব্যাজ ধারণের মাধ্যমে তাঁরা শোক ও প্রতিবাদ জানান।