শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শর্বরী বাগ তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে। বলিউডে ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পেয়ার কা পঞ্চনামা ২’-এর মতো জনপ্রিয় ছবিতে তিনি কাজ করেছেন। এরপর ২০২১ সালে যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘বান্টি অউর বাবলি ২’ ছবির মাধ্যমে তিনি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে এই অভিষেক তাঁকে খুব বেশি সফলতা এনে দিতে পারেনি। বরং সহকারী পরিচালক হিসেবে কাজ করাই তাঁর জন্য অধিকতর ফলপ্রসূ ছিল।
এই বিষয়ে শর্বরী বলেছেন, ‘যখনই সুযোগের অভাব বোধ করছিলাম, তখন সহকারী পরিচালক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিই। এই কাজ আমাকে অভিনয় সম্পর্কে গভীরভাবে জানতে সহায়তা করেছে। পাশাপাশি, ইন্ডাস্ট্রিতে আমার পরিচিতিও বৃদ্ধি পায়। সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আমার অভিনেত্রী হয়ে ওঠার প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমার ক্যারিয়ারের শুরুটা ছিল বেশ কঠিন। প্রচুর অডিশন দিয়েছি এবং চার-পাঁচ বছর ধরে বারবার প্রত্যাখ্যাত হয়েছি। প্রতিনিয়ত ব্যর্থতার সম্মুখীন হতে হতে আমি সহকারী পরিচালনার দিকে ঝুঁকি। তবে আমার বিশ্বাস, প্রত্যাখ্যান একজন শিল্পীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভিজ্ঞতাগুলো আমাদের মজবুত এবং ধৈর্যশীল করে তোলে। যখন কোনো একটি সুযোগ আসে, তখন আমরা সেটির প্রকৃত মূল্যায়ন করতে পারি।’
২০২৪ সাল শর্বরীর জন্য অত্যন্ত সফল একটি বছর ছিল। তাঁর অভিনীত হরর-কমেডি ছবি ‘মুনজ্যা’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। ছবির সাফল্য নিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই ওই ছবির জন্য ছিলাম “আন্ডারডগ”। আমাদের পরিচালক, সহ-অভিনেতা অভয় (ভার্মা), কিংবা আমি—তখন কেউই খুব বেশি পরিচিত ছিলাম না। এর আগে আমার একটি ছবি মুক্তি পেয়েছিল, তবে তা সেভাবে আয় করতে পারেনি। তাই এই ছবির সাফল্য আমাদের সবার জন্য এক বিশাল অর্জন।’
জন আব্রাহামের সঙ্গে শর্বরী অভিনীত গত বছরের একটি ছবিতেও তাঁর কাজ অনেক প্রশংসিত হয়। ওটিটি প্ল্যাটফর্মেও তিনি আলোচনায় আসেন। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘মহারাজ’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেও তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন।
এছাড়াও শর্বরীর ঝুলিতে রয়েছে যশ রাজ ফিল্মস প্রযোজিত স্পাই থ্রিলার ‘আলফা’। এ ছবিতে আলিয়া ভাটের সঙ্গে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এটি বলিউডের প্রথম নারীকেন্দ্রিক স্পাই ছবি হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে।
বক্স অফিস আয় সম্পর্কে তাঁর ধারণা জানতে চাইলে শর্বরী বলেন, ‘আমি এখনো নতুন। তাই বক্স অফিসের অঙ্কের পেছনের জটিলতাগুলো আমার জানা নেই। তবে এটুকু বুঝি, দর্শক যদি ছবিটি দেখতে আসেন এবং পছন্দ করেন, তাহলে সেটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। শেষ পর্যন্ত সিনেমা তো এক ধরনের ব্যবসা। এখানে টিকে থাকতে বক্স অফিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।