শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংকের গঠিত টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী আরও পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)কে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এসব ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠানোর বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদিত হয়েছে। এই ব্যাংকগুলো হলো: এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক।
এই তথ্য রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে পাওয়া গেছে।
এর আগে, শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীকে দায়িত্বে অবহেলার অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। এস আলম গ্রুপের মাধ্যমে ঋণ প্রদান সংক্রান্ত অনিয়মে তার দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। সৈয়দ ওয়াসেক মো. আলী আজ রোববার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন।
বাংলাদেশ ব্যাংকের একটি ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক নিরীক্ষার প্রক্রিয়া নিশ্চিত করার জন্য আরও পাঁচ ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের উপস্থিতিতে ৫টি ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠানোর নির্দেশনা দেয়া হয়।