শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের নামসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে কমিশনের অনুমোদন শেষে সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপন আকারে গেজেট জারি করা হয়।
ইসি সচিব আখতার আহমেদ জানান, জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫৯.৪৪ শতাংশ, যা ২৯৭টি আসনের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নির্ধারিত। পাশাপাশি সংবিধান সংশোধনসংক্রান্ত গণভোটে ভোটদানের হার দাঁড়িয়েছে ৬০.২৬ শতাংশ। ২৯৯টি আসনের গণভোটের তথ্য একত্র করে এই হার নিরূপণ করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বাধিক সংখ্যক দল নির্বাচনে অংশ নেয়। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি রাজনৈতিক দল ভোটযুদ্ধে অংশগ্রহণ করে। নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ছিল ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় মনোনীত প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০। এ নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেয় কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিএনপি সর্বাধিক ২১২টি আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অর্জন করেছে ৭টি আসন। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলগুলো বাকি আসনগুলোতে জয়ী হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। গণঅধিকার পরিষদ, ইসলামি আন্দোলন, গণসংহতি, খেলাফত মজলিস এবং বিজেপি (পার্থ) প্রত্যেকে পেয়েছে ১টি করে আসন।
এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার বিষয়ক জাতীয় গণভোট একযোগে অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।