রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিশুদের মৃত্যুতে স্তব্ধ শিল্পীরা, গানে নেমেছে শোকের ছায়া
অনলাইন ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়া সামরিক প্রশিক্ষণ বিমানে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের মর্মান্তিক মৃত্যুতে শোকে নিমজ্জিত গোটা দেশ। চোখের কোনে অশ্রু, হৃদয়ে নীরব হাহাকার আর স্তব্ধতার ছায়া। এমন এক হৃদয়ভাঙা মুহূর্তে গানে বিরতির ঘোষণা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।
দুর্ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন স্তব্ধ হয়ে পড়ে। হঠাৎ করেই সবার চোখ পড়ে ইমরানের একটি ফেসবুক পোস্টে। বুধবার বিকেলে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘দ্যা শো মাস্ট গো অন।’
এই পোস্টে এক ভক্ত আবেগঘন অনুরোধ জানান, ‘ইমরান ভাইয়া, প্লিজ, এক সপ্তাহের আগে কোনো গান রিলিজ দিয়েন না। কারও মন ভালো নেই। এতগুলো ছোট্ট শিশুর মৃত্যু মেনে নেওয়া অসম্ভব।’
ভক্তের এই আবেদনে সাড়া দিয়ে ইমরান জানান, ‘এক সপ্তাহ নয়, এই পুরো মাসেই কোনো গান রিলিজ হবে না।’
এর আগেও মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে ইমরান লেখেন, ‘ট্রমায় আছি। আকাশ দিয়ে কোনো বিমানের শব্দ এলেই গা শিউরে ওঠে। ঘুম আসে না। আল্লাহ আমাদের সহায় হোন।’
তবে শুধু ইমরান নন, ছোট পর্দার পরিচিত মুখ আরশ খানও চলতি সপ্তাহে তার কোনো নাটক সম্প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন। বিভিন্ন শিল্পীও যার যার জায়গা থেকে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত সোমবার দেশের ইতিহাসে ভয়ংকর একটি দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাদে ভেঙে পড়ে একটি সামরিক প্রশিক্ষণ জেট। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন বলে গণমাধ্যম নিশ্চিত করেছে। আহত হয়েছেন শতাধিক, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।