সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
মাত্র ৫ মিনিটেই ঘর ঝকঝকে ও প্রাণবন্ত? এই ৮টি টিপস ম্যাজিকের মতো কাজ করে
অনলাইন ডেস্ক
অনেকেই মনে করেন, ঘর ঝকঝকে রাখতে গেলে চাই প্রচুর সময়, কষ্ট আর টাকা। কিন্তু সত্যি হলো, কিছু ছোট ছোট টুইস্ট আর কৌশলেই আপনি আপনার ঘরকে করে তুলতে পারেন একদম নতুনের মতো—একটু রিফ্রেশ, একটু উজ্জ্বল, একদম প্রাণবন্ত! জেনে নিন অল্প সময়ে ঘর পরিষ্কার ও দারুণভাবে সাজিয়ে তোলার ৮টি সিম্পল কিন্তু স্মার্ট উপায়, যা একঘেয়ে ঘরের মেজাজই বদলে দেবে।
যেখানেই আপনি গল্প করেন, চা খান বা অতিথি বসান—সেই বসার ঘরটা সবচেয়ে গোছানো রাখা দরকার। প্রথমে একটা লন্ড্রি বাস্কেট নিন, এরপর যে জিনিসগুলো প্রয়োজন নেই, সব ফেলে দিন সেখানে। ভাবুন তো, কত রকম অপ্রয়োজনীয় জিনিস সেখানে জায়গা দখল করে আছে, যেগুলো হয়তো আপনার অলক্ষ্যেই শোপিসের মতো জায়গা নিয়ে ফেলেছে! একটু বুদ্ধি খাটিয়ে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দিলেই ঘরটা হালকা লাগবে।
ঘর সাজাতে গিয়ে যদি শোপিস, ফুলদানিতে ঠাসা ঠাসি করে ফেলেন, তবে তা অগোছালো দেখাবে। বরং কম জিনিস রাখুন, যেগুলো সত্যিই দরকারি এবং ঘরের সঙ্গে মানানসই। অপ্রয়োজনীয় কিছু সরিয়ে ফেলুন আর দেখুন ঘর কতটা প্রশস্ত আর শান্ত দেখায়!
তাজা ফুলের এক বিশেষ ক্ষমতা আছে—ঘরের আবহাওয়া এক লাফে বদলে দিতে পারে। বাজার কিংবা নিজের বাগান থেকে কিছু রঙিন ফুল সংগ্রহ করুন। চাইলে এক তোড়া ফুল কিনে, ছোট ছোট করে ভাগ করে রাখুন বিভিন্ন ঘরে। এতে প্রতিটি কোণেই আসবে সতেজতার ছোঁয়া।
জুতা, খোলা পার্সেল বা পুরোনো প্যাকেট—এই জিনিসগুলো মেঝেতে পড়ে থাকলেই ঘর দেখায় অগোছালো। এগুলো মুছে ফেলুন, প্রয়োজন না থাকলে ফেলে দিন বা স্টোর রুমে রাখুন। একটি ফাঁকা, ঝকঝকে মেঝে ঘরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়।
প্রতিদিন সকালে পর্দা সরিয়ে ঘরে সূর্যের আলো ঢুকতে দিন। এতে শুধু ঘর উজ্জ্বল হয় না, আপনার মুডও ভালো থাকে। প্রাকৃতিক আলোয় ধুলোময়লা পরিষ্কার চোখে পড়ে, ফলে আপনি অনায়াসেই বুঝতে পারবেন কোথায় একটু ঘষামাঝা দরকার।
টেবিলের ওপর অপ্রয়োজনীয় কাগজ, পুরোনো ম্যাগাজিন বা টুকিটাকি জিনিস জমিয়ে রাখলে ঘর হয়ে যায় কিচ্ছু মিছির মতো। খেয়াল করে দেখুন—যেসব তাক বা টেবিল বাইরে থেকে দেখা যায়, সেগুলোতে যেন অগোছালো কিছু না থাকে। পরিষ্কার থাকলে ঘর লাগবে আরও বেশি সুশৃঙ্খল।
ঘরের দেয়ালে যদি হাতের ছাপ, কলমের দাগ বা নোংরা দাগ থেকে থাকে, তাহলে যতই ঘর গুছিয়ে রাখুন—দৃষ্টিকটু দেখাবে। মেলামাইন ফোম স্ক্রাবার দিয়ে এসব দাগ খুব সহজেই তুলে ফেলা যায়। দেয়াল হয়ে উঠবে ঝকঝকে, একদম নতুনের মতো!
বেসিনের কল, আয়না, বাল্ব হোল্ডার বা রান্নাঘরের নব—এসব জায়গা আপনি হয়তো প্রতিদিন নজরে আনেন না। অথচ এগুলো পরিষ্কার থাকলে ঘরের সৌন্দর্য একধাপ এগিয়ে যায়। এক টুকরো পলিয়েস্টার বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে ঘষে ফেলুন—ব্যস! এই ছোট টাচটাই আপনার ঘরের মতো চেহারায় আনবে চমৎকার হাইলাইট।
সবশেষে বলতেই হয়, ঘর পরিষ্কার করা মানেই যেন বিশাল যুদ্ধ নয়। বরং একটু বুদ্ধিমত্তা, একটু নিয়মিত যত্ন, আর চোখে সৌন্দর্য খোঁজার অভ্যাস—এই তিনেই লুকিয়ে আছে প্রাণবন্ত ঘরের গোপন রহস্য।
সূত্র: রিয়্যালসিম্পল (পুনর্লিখিত ও পরিবর্ধিত)