মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ডোপামিন ডেকোর: ঘরের সাজেই খুঁজে পান আপনার ব্যক্তিগত আনন্দ!
অনলাইন ডেস্ক
একটা ঘরের সাজ যদি আপনার মুড ভালো করে দেয়, সেটাই ডোপামিন ডেকোর! মানে এমন অন্দরসজ্জা, যা আপনাকে আনন্দ, স্বস্তি আর উচ্ছ্বাসে ভরিয়ে দেয়। বিশেষজ্ঞরা বলেন, আনন্দে থাকলেই শরীরে বাড়ে ডোপামিন হরমোন, যাকে বলা হয় ‘হ্যাপিনেস হরমোন’। আর এমন সাজসজ্জা, যা ডোপামিনের নিঃসরণ বাড়াতে সাহায্য করে—সেটাই হয়ে ওঠে আপনার ‘ডোপামিন ডেকোর’।
এই সাজের কোনো বাঁধাধরা নিয়ম নেই, কারণ আনন্দ তো একেকজনের একেক রকম! তাই ঘরের একটি কোণ সাজাতে চাইলে ভাবুন, সেই জায়গাটি কে ব্যবহার করবেন। তার প্রিয় রং, আসবাব আর শখের জিনিস দিয়েই তৈরি করুন ‘হ্যাপি কর্নার’।
রঙেই লুকানো মন ভালো করার ম্যাজিক
ডোপামিন ডেকোরের প্রধান হাতিয়ার হলো উজ্জ্বল ও প্রাণবন্ত রং। হলুদ, কমলা, লাল, ম্যান্ডারিন বা টিয়া সবুজ—এই ধরনের প্রকট রঙে তৈরি হয় একটি আনন্দঘন পরিবেশ। আপনি চাইলে একটাই দেয়াল উজ্জ্বল রঙে রাঙাতে পারেন বা হালকা গোলাপি, নীল আর হলুদের কল্পনাময় শেডে রঙিন করে তুলতে পারেন পুরো দেয়াল। পাশাপাশি, জ্যামিতিক প্যাটার্ন বা আকৃতিও যুক্ত করতে পারেন দেয়ালে বা পর্দায়।
অসাধারণ হয়ে উঠুক সাধারণ আসবাব
একখানা দোলনা, নরম আরামকেদারা বা রঙিন কুশন—এই সাধারণ জিনিসগুলোই হয়ে উঠতে পারে আনন্দের উৎস। হালকা রঙের পর্দার মাঝে একটি গাঢ় রঙের পর্দা, সাদামাটা সোফায় উজ্জ্বল কমফোর্টার—সবই বাড়ায় ঘরের উচ্ছ্বাস। কারো যদি ভিন্টেজ ভালো লাগে, তবে পুরোনো দিনের গ্রামোফোন বা ধ্রুপদি ফোনও হয়ে উঠতে পারে প্রিয় সঙ্গী।
সবুজ গাছ আর আলোয় ছড়িয়ে দিন সতেজতা
একটু সজীবতা চাই? ঘরে রাখুন মানিপ্ল্যান্ট, মনস্টেরা বা স্নেকপ্ল্যান্ট। কাঠ বা সিমেন্টের টবে রাখা এসব গাছ আপনার ঘরে বয়ে আনবে প্রাকৃতিক প্রশান্তি। আর উজ্জ্বল হলুদাভ আলো যুক্ত করলে পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়বে উষ্ণতা, উৎসাহ আর ভালো লাগা।
তাই ভাবুন না আর, নিজের মতো করে ঘর সাজান আর খুঁজে নিন আপনার সুখের ঠিকানা—ডোপামিন ডেকোরেই!