সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ওজন ৫০ কেজি! পোশাক পরে যেন হাঁটাই দায় পূজা চেরির
অনলাইন ডেস্ক
দেশীয় ফ্যাশনে নতুন ইতিহাস গড়লেন পূজা চেরি। ৩০০ ফুট কাপড়ের তৈরি ট্রেইল, ৫০ কেজির মতো ওজনের পোশাক পরে হাঁটা—কল্পনা করাই কঠিন! কিন্তু বাস্তবেই এমন ব্যতিক্রমী লুকে নজর কাড়লেন তিনি মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে বসেছিল দেশের বিনোদন দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় আয়োজনে। বিকেল গড়াতেই লালগালিচায় তারকাদের ঝলকানিতে যেন আলো ঝলমল করে উঠল চারপাশ। আর সেই লালগালিচায় সবচেয়ে চোখ ধাঁধানো উপস্থিতি ছিল পূজা চেরির।
লাল রঙা বডিকন গাউন, আর তার সঙ্গে প্রায় মঞ্চজোড়া লম্বা ট্রেইল—যেটা তৈরি করতে লেগেছে প্রায় ৩০০ ফুট কাপড়! পোশাকটির ট্রেইলে ছড়িয়ে ছিল অসংখ্য লাল গোলাপের ডিজাইন, যেন আসল গোলাপের বাগান পায়ে মেখে হেঁটে আসছেন পূজা। তাঁর পরনে থাকা এই নজরকাড়া পোশাকটি তৈরি করেছে দেশীয় ডিজাইনার কিবরিয়া রাতুলের ব্র্যান্ড ‘নিকাহ বাই কিবরিয়া রাতুল’।
তবে শুধু পোশাকেই নয়, পূজার লুকের প্রতিটি খুঁটিনাটিতেই ছিল নিখুঁত পরিকল্পনা। তাঁর পুরো লুকের স্টাইলিং করেছেন মাহফুজ কাদরি, আর গ্ল্যামার টাচ দিয়েছেন মেকআপ আর্টিস্ট জাহিদ খান। গলায় থাকা সাদা মুক্তার মতো ঝকঝকে গয়নার সেটটি এসেছে আরেক দেশীয় ব্র্যান্ড ‘ইলোর’ থেকে।
এই পোশাকের পেছনের গল্প আরও আকর্ষণীয়। পূজার মতে, ট্রেইলটির ওজন প্রায় ৫০ কেজি! এমন পোশাক পরে হাঁটা যে কেবল স্টাইল নয়, এক ধরনের চ্যালেঞ্জও বটে। তিনি বলেন, “আমি নিজেকে যেন লাল গোলাপের রানি মনে করছিলাম। এত ভারী পোশাক পরেও স্টেজে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা ছিল অসাধারণ!”
পুরো অনুষ্ঠানজুড়ে পূজার পোশাক আর লুক নিয়ে চলেছে দর্শকদের ফিসফাস, প্রশংসার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়ও। দেশীয় ফ্যাশনে সাহসী এবং ব্যতিক্রমী উপস্থাপনাই যেন তুলে ধরেছে এই লাল পোশাকটি।
লালগালিচায় কত তারকাই তো আসেন, তবে এমন রাজকীয় লুকে হাজির হয়ে যেন নিজের নামটা গেঁথে দিলেন পূজা চেরি—লাল গোলাপে মোড়ানো এক স্টাইল আইকন হিসেবে।