রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
ত্বকের যত্ন নিতে চান সাবানের ক্ষতি ছাড়া? প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারের এই ঘরোয়া টিপসগুলো না জানলে মিস করবেন একেবারে গ্লোইং স্কিনের রহস্য!
অনলাইন ডেস্ক
সাবান বা ক্লিনজার ছাড়াও ত্বক থাকে ঝকঝকে—তাও একদম প্রাকৃতিক উপায়ে! বাজারের দামি, ঝাঁ-চকচকে সাবান আর ক্লিনজারে থাকা রাসায়নিক থেকে মুক্তি চায় আজকের সচেতন মানুষ। আর তাই আপনি চাইলে ঘরেই বানাতে পারেন একেবারে প্রাকৃতিক উপাদানে তৈরি কার্যকর ফেস ক্লিনজার। এতে যেমন ত্বক থাকবে ধুলাবালি ও দূষণের হাত থেকে সুরক্ষিত, তেমনি বাজেটও থাকবে নিয়ন্ত্রণে।
দুধ, মধু ও নারকেল তেল:
একই পরিমাণ দুধ, মধু ও নারকেল তেল মিশিয়ে নিন। হয়ে গেল দারুণ এক ময়েশ্চারাইজিং ক্লিনজার। এটি কাচের মুখবন্ধ বয়ামে রেখে ফ্রিজে সংরক্ষণ করুন—চলবে পুরো এক সপ্তাহ। মুখ ধোয়ার আগে বের করে ত্বকে ম্যাসাজ করুন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য তেল বাদ দিলেই যথেষ্ট।
লেবু, গ্লিসারিন ও গোলাপজল:
লেবুর রস, গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে তৈরি করুন টোনারজাতীয় ক্লিনজার। এই মিশ্রণটিও ফ্রিজে রেখে সপ্তাহজুড়ে ব্যবহার করতে পারবেন। সংবেদনশীল ত্বকের জন্য লেবুর রস একটু কম নিন।
শসার রস কিউব:
শসার রস ডিপ ফ্রিজে বরফকুচির মতো জমিয়ে রাখুন। বাইরে থেকে ফিরে একটি কিউব বের করে ঘষলেই মিলে যাবে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ফিলিং আর পরিষ্কার ত্বক।
রিঠা ও গ্লিসারিন:
রিঠার পানির সঙ্গে গ্লিসারিন মিশিয়ে তৈরি করুন স্কিন ক্লিনজার। এটি শুধু মাথার চুলেই নয়, ত্বক পরিষ্কারের কাজেও সমান উপকারী।
সয়াবিন গুঁড়া:
অতি সহজ আর ঝামেলাহীন পদ্ধতি—সয়াবিন গুঁড়ার সঙ্গে সামান্য পানি মিশিয়ে নিলেই তৈরি একদম রেডি-টু-ইউজ ক্লিনজার।
খেয়াল রাখুন:
প্রাকৃতিক হোক বা বাজারজাত, অতিরিক্ত ব্যবহারে ত্বকে ক্ষতি হতে পারে। দিনে দু’বার পরিষ্কার করাই যথেষ্ট। তবে বাইরে থেকে ফিরলে পরিষ্কার করাটা জরুরি। আর সবচেয়ে ভালো অভ্যাস? দিনে একাধিকবার শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নেওয়া। যত্ন নিন, ঝলমলে থাকুন।