শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন
২০২৪ অনার্স ফরম শুরু, সময়মতো জমা দিন!
অনলাইন ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২০ মে (সোমবার) থেকে।
রোববার (১৮ মে) পরীক্ষার নিয়ন্ত্রক মো. এনামুল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছাড়াও ২০২০-২০২১, ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী এবং ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রোমোটেড শিক্ষার্থীরা যাদের কোনো কোর্সে ‘এফ’ (ফেল) গ্রেড রয়েছে, তারাও পরীক্ষায় অংশ নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে (http://ems.nu.ac.bd অথবা www.nubd.info/honours) ফরম পূরণ কার্যক্রম চলবে ২০ মে থেকে ১৫ জুন পর্যন্ত। পরীক্ষার ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে ২৫ জুন থেকে ৩০ জুন বিকেল ৪টা পর্যন্ত।
পরীক্ষার ফি ও অন্যান্য খরচের মধ্যে রয়েছে: প্রতি পূর্ণ তত্ত্বীয় পত্রে ২৫০ টাকা, অর্ধ পত্রে ২০০ টাকা, ব্যবহারিক পত্রে ২৫০ টাকা, ইনকোর্স ফি (বিশ্ববিদ্যালয় অংশ ১০০ টাকা ও কলেজ অংশ ২০০ টাকা), কেন্দ্র ফি ৮০০ টাকা (যার মধ্যে কলেজ অংশ ১৫০, কেন্দ্র অংশ ৩০০ এবং অন্যান্য খরচ ৩৫০ টাকা)।
এ ছাড়া গ্রেড উন্নয়ন ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ধরা হয়েছে প্রতি পত্রে ৩০০ টাকা। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ফেল করা শিক্ষার্থীদের জন্য ফি ৫০০০ টাকা এবং ‘সি প্রোমোটেড’ শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত অন্তর্ভুক্তি ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন করা নিয়মিত শিক্ষার্থীরা, আগের পরীক্ষায় অনুপস্থিত বা নট প্রমোটেড হওয়া অনিয়মিত শিক্ষার্থীরা, এবং ‘সি’, ‘সি প্লাস’ ও ‘ডি’ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ দুটি পত্রে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারবেন। যাদের কোনো কোর্সে ‘এফ’ গ্রেড রয়েছে, তারা সেই কোর্সে অংশ নিতে পারবেন। তবে ব্যবহারিক পরীক্ষায় কোনো গ্রেড উন্নয়নের সুযোগ নেই।
কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে, সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা ইএমএস সফটওয়্যার থেকে ডাউনলোড করে ফরম পূরণের কার্যক্রম নিশ্চিত করতে হবে। ভুল তথ্য এন্ট্রি হলে তার দায়ভার কলেজকেই নিতে হবে। ফরমে বিভাগের প্রধান ও অধ্যক্ষের স্বাক্ষর, পরীক্ষার্থীর সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে।
পরীক্ষার ফি জমা দিতে হবে নির্ধারিত ডিজাইনকৃত ফরমে ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায়। অন্য কোনো মাধ্যমে জমা দিলে তা বাতিল বলে গণ্য হবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো ফরম বা ডাটা এন্ট্রি গ্রহণযোগ্য হবে না। তাই সময়মতো কার্যক্রম সম্পন্ন করতে শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে ।