বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
উত্তাল সমুদ্র কেড়ে নিল চবির আরও এক প্রাণ!
অনলাইন ডেস্ক
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমেদের নিথর দেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন আরও একজন শিক্ষার্থী, যাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
বুধবার (৯ জুলাই) সকালে সমিতিপাড়া সৈকতের কাছে ভেসে আসা এক যুবকের মরদেহ দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল মুকিত জানান, খবর পাওয়ার পরপরই আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। সমিতিপাড়া সৈকতের পাশেই পানিতে ভেসে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের বড় ভাই মরদেহটি শনাক্ত করেন। নিশ্চিত করেন যে এটি তার ভাই আসিফ আহমেদেরই নিথর দেহ।
এর আগে মঙ্গলবার (৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তিন বন্ধু হিমছড়ি পয়েন্টে বেড়াতে গিয়ে সমুদ্রে গোসল করতে নামেন। কিছুক্ষণের মধ্যেই বিশাল ঢেউয়ে তলিয়ে যায় তারা।
সেদিনই উদ্ধার হয় কে এম সাদমান রহমান নামে একজনের মরদেহ। তবে বাকি দুজন নিখোঁজ ছিলেন। আজ পাওয়া গেল আসিফের মরদেহ। এখনো খোঁজ মিলেনি বগুড়ার অরিত্র হাসানের।
মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন—ঢাকার মিরপুরের কে এম আনিছুর রহমানের ছেলে কে এম সাদমান রহমান এবং বগুড়ার আসিফ আহমেদ। নিখোঁজ থাকা শিক্ষার্থী অরিত্র হাসানও বগুড়ারই বাসিন্দা। তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
সমুদ্রের উত্তাল ঢেউ এই তরুণদের প্রাণ কেড়ে নিলেও, পরিবার ও সহপাঠীদের হৃদয়ে রেখে গেল এক চিরন্তন শোক। এখন কেবল অপেক্ষা—নিখোঁজ সেই একটিমাত্র প্রাণের খোঁজ পাওয়ার।