শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিশু হত্যার ন্যায্য বিচার কি আজও স্বপ্নই থেকে যাবে?
অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছরের মেয়ে শিশু মাইমুনা আক্তার ময়নার মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। দ্রুত বিচার এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আয়োজন করে জবি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
মানববন্ধনে জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে এম রাকিব বলেন, ‘এ ধরনের ঘৃণ্য অপরাধের পেছনে রয়েছে বিচার ব্যবস্থার দুর্বলতা। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হলেও, কার্যকর না হওয়ায় ধর্ষকরা সাহস পায়। এই অপরাধ রুখতে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।’
বাংলা বিভাগের শিক্ষার্থী মুন্না বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাইমুনার খুনিকে গ্রেপ্তার না করা হলে আমরা আন্দোলনে নামব এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করব।’ ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন বলেন, ‘স্বাধীনতার এত বছর পরও শিশুরা নিরাপদ নয়—এটা জাতির জন্য লজ্জাজনক। অন্তর্বর্তী সরকারকে বলব, মায়েদের কান্না থামাতে হলে এখনই বিচার নিশ্চিত করুন।’
উল্লেখ্য, গত ৬ জুলাই সরাইল উপজেলার একটি মসজিদের ছাদ থেকে শিশু মাইমুনার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। গলায় ছিল ওড়না প্যাঁচানো। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। প্রতিবেদনটি নিশ্চিত করেছে ‘গণমাধ্যম’।