শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
রেখাকে সতিন মানতে রাজি ছিলেন বিন্দিয়া গোস্বামী!
অনলাইন ডেস্ক
নিঃসন্দেহে রেখার ব্যক্তিগত জীবন বলিউডে রহস্যে ঘেরা এক উপাখ্যান। অমিতাভ ও জয়া বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের, যেটি অনেকের চোখেই বলিপাড়ার ওপেন সিক্রেট। তবে বেশিরভাগ মানুষই জানেন না, একসময় রেখাকে আরেক জনপ্রিয় নায়িকার ‘সতিন’ হিসেবেও দেখা হতো—তবে সেই অভিনেতা ছিলেন না অমিতাভ বচ্চন, বরং ছিলেন বিনোদ মেহেরা।
সত্তর-আশির দশকে যার সৌন্দর্য ও অভিনয় বলিউড মাতিয়েছিল, সেই অভিনেত্রী হলেন বিন্দিয়া গোস্বামী। তিনি রাজেশ খান্না, অমিতাভ বচ্চন ও শশী কাপুরের মতো সুপারস্টারদের সঙ্গে কাজ করে দর্শকের হৃদয় কেড়ে নিয়েছিলেন।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, বিন্দিয়া ও রেখা দুজনেই একসময় অভিনেতা বিনোদ মেহেরার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি শোনা যায়, বিন্দিয়া নাকি একবার রেখাকে নিজের ‘সতিন’ হিসেবে মেনে নেওয়ার জন্যও প্রস্তুত ছিলেন, কারণ তারা দুজনেই বিনোদকে বিয়ে করতে চেয়েছিলেন।
শেষ পর্যন্ত বিনোদ মেহেরা বিয়ে করেন বিন্দিয়া গোস্বামীকে। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিবাহিত জীবনে শুরু হয় টানাপোড়েন, এবং এক সময় তা ভেঙে যায়।
পরবর্তীতে বিন্দিয়া প্রেমে পড়েন খ্যাতিমান পরিচালক জে.পি. দত্তার। তাকে বিয়ে করতে গিয়ে বিন্দিয়া নিজের পরিবারকেই ত্যাগ করেছিলেন। তার এমন সিদ্ধান্তে পরিবারের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটে।
রেখা ও বিনোদ মেহেরার সম্পর্ক নিয়ে আজও বলিউডে নানা কানাঘুষা চলে। যদিও রেখা কখনোই এই সম্পর্কের স্বীকৃতি দেননি, তবুও তাদের বিয়ে হয়েছে বলে গুঞ্জন বহুবার চাউর হয়েছে। সেই প্রেক্ষিতে রেখা ও বিন্দিয়া গোস্বামীর সম্পর্ক বলিউড ইতিহাসে এক অন্যরকম সতিন-প্রসঙ্গ তৈরি করেছে, যা আজও আলোচনার ঝড় তোলে।