শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সাফল্যের চূড়ায় গিয়ে ভুলেননি শিকড়ের মানুষগুলো!
অনলাইন ডেস্ক
নিরব দানশীলতার অনন্য নজির স্থাপন করলেন বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি জানা গেছে, তিনি তার বহুদিনের বিশ্বস্ত গাড়িচালক এবং গৃহকর্মীকে উপহার হিসেবে দিয়েছেন ৫০ লাখ রুপি মূল্যের দুটি ফ্ল্যাট! এই ঘটনাটি শুধুমাত্র আলিয়ার সাফল্য নয়, বরং তার হৃদয়ের বিশালতাকেও নতুনভাবে তুলে ধরেছে গণমাধ্যম।
২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক সুপারহিট ছবি দিয়ে নিজেকে শীর্ষ নায়িকাদের কাতারে তুলে এনেছেন আলিয়া। বর্তমানে তিনি শুধু ভারতের গণ্ডিতে সীমাবদ্ধ নন—হলিউডেও আলোর মুখ দেখিয়েছেন। অসংখ্য আন্তর্জাতিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তার রয়েছে ব্যাপক কদর। তবে এতসব সাফল্যের মাঝেও যারা তার শুরু থেকে পাশে ছিলেন, তাদের আলিয়া যেন এক মুহূর্তের জন্যও ভুলে যাননি। এই দৃষ্টান্ত তার মানসিক সৌন্দর্যকে আরও বেশি উজ্জ্বল করে তুলেছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, আলিয়া ভাট তার দীর্ঘদিনের ড্রাইভার সুনীল এবং গৃহকর্মী অমোলকে মুম্বাইয়ের অভিজাত এলাকা—জুহু ও খারে বাড়ি কেনার জন্য ৫০ লাখ রুপি করে আর্থিক সহায়তা দিয়েছেন। এর আগেও, ২০১৯ সালে এই দুইজনের দুঃসময়ে আর্থিক সাহায্য করেছিলেন আলিয়া, কিন্তু তা কখনোই আলোচনায় আসেনি।
আলিয়ার দান-ধ্যানের এই ধারা সাধারণত থাকে প্রচারের বাইরে। কিন্তু এবার খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তমহল থেকে শুরু করে বলিউড মহলে শুরু হয়েছে প্রশংসার জোয়ার।
‘জিকিউ ইন্ডিয়া’র রিপোর্ট অনুসারে, বর্তমানে আলিয়া ভাট কাপুর পরিবারের সবচেয়ে ধনী সদস্য। তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৫০ কোটি রুপি। এই তালিকায় কারিনা কাপুর রয়েছেন দ্বিতীয় স্থানে (৪৮৫ কোটি) এবং রণবীর কাপুর তৃতীয় (৩৪৫ কোটি)।
এছাড়াও, বলিউডের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে আলিয়ার অবস্থান এখন তৃতীয়। তার ঠিক উপরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। একদিকে সাফল্যের শিখরে, আর অন্যদিকে এই মানবিকতা—আলিয়া ভাট যেন আজকের বলিউডের এক পরিপূর্ণ প্রতিচ্ছবি।