শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
একটি সেলফি বদলে দিল টলিপাড়ার সম্পর্কের সমীকরণ!
অনলাইন ডেস্ক
টলিউডে ফের চাঞ্চল্য! অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচালক সৃজিত মুখার্জির ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। কয়েকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে চলছে ফিসফাস। আর এই গুঞ্জনের সূত্রপাত পুরীর সমুদ্র সৈকতে তোলা এক সেলফিকে কেন্দ্র করে। যেখানে একফ্রেমে দেখা গেছে সৃজিত-সুস্মিতাকে।
সম্প্রতি পুরীতেই শেষ হয়েছে সৃজিত পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং। এই ছবিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী ও ব্রাত্য বসুর মতো তারকারা। শুটিংয়ের ফাঁকে সমুদ্রের ধারে সৃজিতের সঙ্গে একটি সেলফি তুলেছিলেন সুস্মিতা, যা তিনি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন— ‘স্যার আঁখো পর।’
এই পোস্টের পর থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন— তবে কি সত্যিই প্রেম করছেন সৃজিত-সুস্মিতা?
শুক্রবার অনিরুদ্ধ রায় পরিচালিত ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন সৃজিত, জয়া আহসান ও সুস্মিতা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে সুস্মিতা বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু, বলা যায় ক্লোজ ফ্রেন্ড। কে কী বলছেন, তা নিয়ে আমার কিছু বলার নেই।’
সৃজিতের জবাব আরও মজার, ‘২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে ঘিরে এত আলোচনা হবে, ভাবতেই পারিনি। আমরা পুরোনো দিনের গল্প বললেও, বাস্তবে এখনকার মানুষ। তাই একটু শান্ত হোন। একটা ছবিকে নিয়ে এমন ঝড় তোলার কিছু নেই।’
যদিও উভয়েই প্রেমের গুঞ্জন অস্বীকার করেছেন, তবে নিজেদের ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে স্বীকার করতে দ্বিধা করেননি। বন্ধুত্ব কি প্রেমে পরিণত হবে, নাকি গুঞ্জনই থেকে যাবে— তা ভবিষ্যতই বলবে।
প্রসঙ্গত, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী বছরের শেষের দিকে এটি মুক্তি পেতে পারে বড় পর্দায়। প্রকাশ্যে এসেছে ছবির কিছু ঝলকও, যা নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে প্রবল উত্তেজনা।