শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অভিনয় নয়, এখন মাটি আর গাছেই জয়ার প্রেম!
অনলাইন ডেস্ক
দুই বাংলার পর্দা কাঁপানো জয়া আহসান যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একের পর এক আলোচিত ছবিতে অভিনয় করে দু’দেশেই দর্শকদের মুগ্ধ করছেন এই নন্দিত অভিনেত্রী। বাংলাদেশে সদ্য ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা—‘তাণ্ডব’ ও ‘উৎসব’। আর ওপার বাংলায়ও কম যান না জয়া। গতকাল (১৮ জুলাই) মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। এরপর ১ আগস্ট মুক্তি পাবে তার আরেকটি সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’।
তবে এত ব্যস্ততার মাঝেও জয়া এবার জানালেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। তিনি বলেন, এখন থেকে বছরে মাত্র একটি বা দুটি সিনেমাতেই অভিনয় করবেন।
সম্প্রতি ‘ডিয়ার মা’র প্রচারে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের ইউটিউব চ্যানেল সন্দেশ-এর একটি পডকাস্টে হাজির হন জয়া। দীর্ঘ আলাপে উঠে আসে তার শৈশব, জীবনদর্শন ও পেশাগত পথচলার গল্প। সেখানে অকপটে বলেন, ‘আমি কখনোই ভাবিনি অভিনেত্রী হব। ইচ্ছাও ছিল না। হঠাৎ অভিনয়ে আনন্দ পেলাম, যেন এক ধরনের মুক্তি। তখন বুঝলাম, এটা আমার আত্মার কাছে সত্যি। তবে এটাকে পুরোপুরি জীবিকার মাধ্যম করতে চাই না। আমি এখন আরও সিলেক্টিভ হতে চাই। বছরে এক বা দুইটা প্রজেক্ট করলেই যথেষ্ট। বাকি সময় জীবনকে উপভোগ করতে চাই।’
চলচ্চিত্রের ব্যস্ততা থেকে অবসর পেলেই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেন জয়া। বাগান করা, গাছপালার যত্ন নেওয়া, এমনকি নিজের হাতে চাষাবাদ করেও আনন্দ খুঁজে পান। তার কথায়, ‘আমি প্রকৃতির খুব কাছের মানুষ। চাষাবাদ আমার ভালো লাগে। আমি আগে চাষি, পরে অভিনেত্রী। আমার বাসার চাল ছাড়া অনেক কিছু নিজের হাতে ফলাই।’
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাটি না ছুঁলে যেন দিনটাই শুরু হয় না তার। জয়া বলেন, ‘মাটি না হাতালে দিনটা ভালো কাটে না। এটা আমার কাছে একরকম থেরাপি। আমি সব সময় বলি, যারা সৃজনশীল কাজ করেন, তারা প্রকৃতির কাছে যান। এতে মনও ভালো থাকে, কাজেও প্রাণ আসে।’