শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
৩০০ টাকায় আজীবন চিকিৎসা, এজাজুলের মানবতার গল্প!
অনলাইন ডেস্ক
নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ও জনপ্রিয় অভিনয়শিল্পী ডা. এজাজুল ইসলাম জানিয়েছেন, আমৃত্যু তার চিকিৎসা ভিজিট ৩০০ টাকাই থাকবে। সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ব্যতিক্রমী সিদ্ধান্তের কথা জানান।
‘অভিনয়শিল্পীর বাইরেও আপনি একজন চিকিৎসক। সবাই আপনাকে গরিবের ডাক্তার বলে চেনে—কেমন লাগে?’ এমন প্রশ্নে ডা. এজাজ বলেন, “ভালোই লাগে। তবে অনেকে বলেন, আমি কেন আমার ভিজিট বাড়াচ্ছি না। এমনকি আমার স্টাফরাও অবাক হয়। তারা বলে, আমার জুনিয়ররাও বেশি ফি নেয়, অথচ আমি বিশেষজ্ঞ হয়েও নিচ্ছি কম। এতে কেউ কেউ ভাবতে পারে, আমি হয়তো ততটা দক্ষ না।”
তিনি আরও বলেন, “এসব আমি মাথায় নিই না। আমি সিদ্ধান্ত নিয়েছি, যতদিন বাঁচব, ভিজিট ৩০০ টাকাই থাকবে। টাকা আর কত দরকার? আমি মনে করি, অহেতুক টাকার পেছনে ছোটা এক ধরনের মানসিক অসুস্থতা। আল্লাহর রহমতে আমি ও আমার পরিবার ভালোই আছি—চিকিৎসা, খাওয়া-দাওয়া, সন্তানের পড়াশোনা সবই চলছে। অতিরিক্ত টাকার প্রয়োজন আমার নেই।”
চিকিৎসার পাশাপাশি অভিনয়ের বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, “‘দেনা পাওনা’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করছি, সাড়া পাচ্ছি ভালোই। কিছু খণ্ডনাটকেও কাজ করছি। যদিও আগের মতো অভিনয়ের ব্যস্ততা নেই, তবুও অভিনয় ছাড়তে পারিনি—এটা আমার ভালোবাসা।”
আজ হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন তার সঙ্গে কাজ করেছেন এই শিল্পী। সাক্ষাৎকারে তিনি হুমায়ূনের সঙ্গে কাটানো বহু স্মৃতির কথা তুলে ধরেন।