রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
দুই কোটি নিয়ে উড়াল, শাকিব কি এবার হলিউডে?
অনলাইন ডেস্ক
শাকিব খান বর্তমানে সিনেমার জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। তবে তিনি বা তার ঘনিষ্ঠ কেউ কখনোই পারিশ্রমিক নিয়ে গণমাধ্যমে সরাসরি কথা বলেননি। এক গোপন সূত্রের খবর অনুযায়ী, আবু হায়াত মাহমুদ পরিচালিত নতুন ছবির জন্য শাকিব খান সাইনিং মানি হিসেবে দুই কোটি টাকা গ্রহণ করেছেন।
অন্যদিকে, সাইনিংয়ের পরই দেশের বাইরে চলে গেছেন শাকিব খান। শনিবার রাতে ফ্লাইটে বসে নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা, যা দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হয়েছে। মুক্তির মাত্র দুই দিন পরই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ত্যাগ করেন। ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের থিয়েটারে ‘তাণ্ডব’ প্রদর্শিত হচ্ছে।
শাকিবের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা সৃষ্টি হয়েছে। নায়ক প্রায়ই আন্তর্জাতিক ছবি করার ইচ্ছার কথা প্রকাশ করেন। এর পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবরও জানিয়েছেন, শাকিবকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণের পরিকল্পনা চলছে। তিনি জানিয়েছেন, স্ক্রিপ্ট লেখার কাজ প্রক্রিয়াধীন, শাকিব যুক্তরাষ্ট্র এলে সবকিছু চূড়ান্ত হবে।
তাই প্রশ্ন উঠেছে, কি হলিউড ছবির অংশ হতে গিয়ে দেশের বাইরে গেছেন শাকিব? এবার হলিউড সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক তারকার মর্যাদা পেতে চলেছেন কি তিনি? এ নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে উঠেছে।