সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
দিশা এবার হলিউডে! দেখুন চমকপ্রদ অভিষেক!
অনলাইন ডেস্ক
বলিউডের রূপসী ও গ্ল্যামার কুইন দিশা পাটানি ধীরে ধীরে পরিণত হচ্ছেন আন্তর্জাতিক তারকায়। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেই বাজিমাত করেছিলেন তিনি। এরপর একের পর এক হিট ছবিতে ঝলসে উঠেছেন নিজের অভিনয় দক্ষতা ও দুর্দান্ত অ্যাকশন মুভ দিয়ে। নাচ ও অ্যাকশনের এই পারদর্শী অভিনেত্রী এবার তার জাদু ছড়াতে যাচ্ছেন হলিউডে—তাও আবার অস্কারজয়ী নির্মাতার ছবিতে!
ভারতীয় গণমাধ্যম ওটিটিপ্লে জানায়, দীর্ঘ প্রায় বিশ বছর পর পরিচালনায় ফিরেছেন অস্কারজয়ী কেভিন স্পেসি। তাঁর নতুন সুপারন্যাচারাল থ্রিলার ছবি ‘হোলিগার্ডস’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে দিশা পাটানিকে। সিনেমাটির শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে মেক্সিকোর নয়নাভিরাম লোকেশনে, যা দর্শকদের জন্য দেবে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
‘হোলিগার্ডস’ শুধুমাত্র থ্রিলার নয়—এটি একেবারে রহস্য, উত্তেজনা ও অতিপ্রাকৃত ঘটনার মিশেলে এক অভিনব অভিজ্ঞতা। দিশার সঙ্গে অভিনয় করছেন হলিউডের জনপ্রিয় মুখ ডল্ফ লুন্ডগ্রেন, টাইরেস গিবসন এবং ব্রিয়ানা হিল্ডব্র্যান্ড। এমন চমকপ্রদ তারকাবহুল কাস্টিং ও গ্লোবাল প্রজেক্টে যুক্ত হয়ে দিশা যে নিজের ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করছেন, তা বলার অপেক্ষা রাখে না।
ইতোমধ্যে দিশা নিজের ইনস্টাগ্রামে সিনেমার শুটিংয়ের পিছনের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যা ঘিরে ইতিমধ্যেই চড়া উত্তেজনা। তাঁর ভক্তরা মনে করছেন, এটি হতে যাচ্ছে দিশার আন্তর্জাতিক যাত্রার এক দুর্দান্ত সূচনা।
তবে এখনো সিনেমাটির ফার্স্টলুক কিংবা ট্রেলার প্রকাশ পায়নি, এমনকি মুক্তির তারিখও ঘোষণা করা হয়নি। তবু সিনেমাপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন—কখন দিশা তার প্রথম হলিউড অভিষেকে বিশ্ববাজারে আলোড়ন তোলেন, সেই মাহেন্দ্রক্ষণের জন্য।