বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
মেহজাবীনের অভিনয়ে বিশ্ব মঞ্চ কাঁপাচ্ছে ‘সাবা’!
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক মঞ্চে মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’র যাত্রা শুরু হয় মর্যাদাপূর্ণ টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে। এরপর এটি মাতিয়েছে বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা, ডালাসসহ একাধিক নামকরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিটি আসরেই আলোচনায় এসেছে ‘সাবা’র শক্তিশালী গল্প আর মেহজাবীনের অভিনয়।
তাজা খবর হলো—এবার সিনেমাটি নির্বাচিত হয়েছে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে। আরও চমকপ্রদ বিষয় হলো, সেরা অভিনেত্রী হিসেবে এই উৎসবে মনোনয়ন পেয়েছেন মেহজাবীন চৌধুরী।
রেইনড্যান্সের অফিসিয়াল ওয়েবসাইট জানায়, ‘সাবা’ প্রদর্শিত হবে ন্যারেটিভ ফিচার বিভাগে। একইসঙ্গে প্রথম চলচ্চিত্র নির্মাতা হিসেবে মাকসুদ হোসাইন মনোনয়ন পেয়েছেন, আর সিনেমাটি স্থান পেয়েছে ডিসকভারি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকায়ও।
এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘ব্যক্তিগতভাবে এটা আমার জন্য অত্যন্ত গর্বের। এতসব আন্তর্জাতিক প্রতিভাবান শিল্পীর মাঝে জায়গা পাওয়া আমার অভিনয় জীবনের অন্যতম বড় স্বীকৃতি। আমি চাই, ভবিষ্যতে আরও গভীর ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে।’
তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশের গল্প এখন আন্তর্জাতিক অঙ্গনেও সমানভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে। এটা কেবল শুরু। কান উৎসবে বাংলাদেশের উপস্থিতি যেমন আশার আলো দেখায়, তেমনই আমাদের প্রতিভা একদিন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে বলেই আমি বিশ্বাস করি। আমাদের ইন্ডাস্ট্রির সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে এই পথচলা আরও দূর পর্যন্ত যাবে।’
৯০ মিনিটের এ চলচ্চিত্রে মেহজাবীনের পাশাপাশি রয়েছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ারসহ আরও অনেকে। বিশ্বব্যাপী উৎসব মাতালেও সিনেমাটি এখনো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।