সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জিজ্ঞাসাবাদে পলক জানান যে, ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি, এটি শেখ হাসিনার নির্দেশেই বন্ধ রাখা হয়েছিল।
বুধবার (১৮ নভেম্বর) ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে এই স্বীকারোক্তি দেন পলক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
চিফ প্রসিকিউটর জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় কোনো দুর্ঘটনা বা কোনো ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ ছিল না। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক নিজে স্বীকারোক্তি দিয়েছেন, শেখ হাসিনার নির্দেশে দেশের এবং আন্তর্জাতিক ইন্টারনেটের সমস্ত গেটওয়ে বন্ধ রাখা হয়েছিল। ইন্টারনেট বন্ধ রাখার মূল উদ্দেশ্য ছিল যাতে গণহত্যার ঘটনা কেউ জানতে না পারে।
জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করাসহ অন্যান্য বিষয় নিয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে গত ১২ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের নির্দেশে গতকাল (১৮ ডিসেম্বর) তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করা হয়।