মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে তার সহরুমী মো. রবিউল হককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে রুম থেকে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। জালাল আহমেদ ঢাবির টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র।
আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অভিযোগ রয়েছে, রুমে ঢুকে রুমমেট রবিউল হককে ধারালো অস্ত্র দিয়ে কোপান জালাল। গুরুতর জখম অবস্থায় সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর জালাল নিজ কক্ষে আটকে থাকেন। শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্লোগানের মধ্যে দীর্ঘ সময় চেষ্টা শেষে রাত আড়াইটার দিকে প্রক্টর ও প্রভোস্টের সহায়তায় তাকে শাহবাগ থানা পুলিশে হস্তান্তর করা হয়।
এ সময় হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি জানান, এমন নৃশংস ঘটনার জন্য জালালের ছাত্রত্ব বাতিল ও থানায় মামলা করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন রবিউল হক বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট জ্বালিয়ে শব্দ করতে থাকে। এতে আমার ঘুম ভেঙে যায়। আমি বলি, সকালে লাইব্রেরিতে যেতে হবে, অযথা শব্দে সমস্যা হচ্ছে। তখন সে ক্ষিপ্ত হয়ে আমাকে বহিরাগত বলে গালি দেয়। প্রতিবাদ করলে হঠাৎ আমাকে আঘাত করে। পরে আমি কোনোমতে আত্মরক্ষা করি।’