সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আইনি কাঠামোর মধ্যে আসছে। ইতিমধ্যে ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশটি জারি হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এবং এটি অবৈধ বা বাতিল হতে পারবে না।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪-এর চূড়ান্ত অনুমোদন দেয়। তবে অধ্যাদেশটি কবে জারি হবে, তা এখনও নিশ্চিত নয়। খসড়া অধ্যাদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের মেয়াদ থাকবে। তত্ত্বাবধায়ক সরকারের মতোই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের পদমর্যাদা থাকবে।
এছাড়া, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমও খসড়ায় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার একটি অস্থায়ী সরকার হিসেবে কাজ করবে। সরকারি কর্মচারীদের সহায়তায় এ সরকার দায়িত্ব পালন করবে এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সংসদ সদস্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সহায়তা করবে।
এই খসড়া বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের হাতে রয়েছে এবং আইনি পরীক্ষা-নিরীক্ষার পর এটি লেজিসলেটিভ বিভাগে পাঠানো হবে। এরপর রাষ্ট্রপতির মাধ্যমে এর চূড়ান্ত অনুমোদন এবং জারি প্রক্রিয়া শুরু হবে।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর পর ৮ আগস্ট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হওয়ায় বর্তমানে সংবিধানে অন্তর্বর্তী সরকার কিংবা প্রধান উপদেষ্টার পদ নেই। তাই আইনি ভিত্তি নিশ্চিত করতে অধ্যাদেশ জারি করার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।