মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
কক্সবাজারে বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় বহির্নোঙরে এলপিজিবাহী একটি লাইটারেজ (ছোট জাহাজ) জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই এর পাশের মাদার ট্যাংকারেও আগুন লেগে যায়। তবে মাদার ট্যাংকারটির আগুন কয়েক ঘণ্টার মধ্যে নেভানো সম্ভব হলেও লাইটারেজের আগুন এখনো পুরোপুরি নিভে যায়নি।
আজ রবিবার বিকেল ৪টায় প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত দুটি জাহাজ থেকে জীবিত ৫৮ জন নাবিক উদ্ধার করা হয়েছে।
এদিকে আগুন নেভাতে চট্টগ্রাম বন্দরের চারটি উদ্ধারকারী জাহাজ, মাদার ভেসেলের (বড় জাহাজ) নিজস্ব টাগবোট এবং নৌবাহিনী ও কোস্ট গার্ডের দল কাজ করছে। এ ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এর আগে গতকাল শনিবার রাত ১টার দিকে কুতুবদিয়া উপকূলের পশ্চিমে বহির্নোঙরে আগুনের সূত্রপাত ঘটে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, দুই জাহাজের আগুন নিভিয়েছে।
তবে লাইটারেজ জাহাজ থেকে মাঝে মাঝে আগুন বের হচ্ছে। লাইটারেজ জাহাজের ৩১ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে মাদার ভেসেল ‘ক্যাপ্টেইন নিকোলাস’ থেকেও ২৭ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। সবাই এখন বিপদমুক্ত।
এখনো উদ্ধারকারীদল, নৌবাহিনী ও কোস্ট গার্ড সেখানে কাজ করছে। তিনি বলেন, এ ঘটনার তদন্তে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কমিটির প্রধান করা হয়েছে বন্দরের সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমোডর এম ফজলার রহমানকে। এই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিতে নৌবাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিজিএফআই, এনএসআই, নৌপরিবহন অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত আছেন।
জানা যায়, বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় এলপিজিবাহী (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) জাহাজে গতকাল (শনিবার) রাত ১টার সময় আগুন লেগেছিল। ‘ক্যাপ্টেন নিকোলাস’ নামের মাদারভেসেল (বড় জাহাজ) থেকে শিপ টু শিপ পদ্ধতিতে অন্য একটি লাইটারেজ জাহাজে (ছোট জাহাজ) এলপিজি স্থানান্তরের সময় এই অগ্নিকাণ্ড ঘটে।
বাংলাদেশ কোস্ট গার্ড ইস্ট জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন জহিরুল হক জানান, লাইটারেজের পেছনের একটি অংশে আগুন জ্বলছে। বাকিটা নিভানো সম্ভব হয়েছে। ট্যাংকারের পেছনের একটি অংশে কার্গোহোল্ডে পর্যাপ্ত গ্যাস রয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আগুন নিভে যাওয়ার পর আবারও জ্বলে উঠছে। তাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে আরো কিছুটা সময় প্রয়োজন।