রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
মুলতানি মাটি দিয়েই গ্রীষ্মে ত্বক রাখুন উজ্জ্বল ও পরিষ্কার!
অনলাইন ডেস্ক
গ্রীষ্মকালে ত্বকের উপর সৃষ্টি হয় নানা ধরনের চাপ। সূর্যের প্রখর তাপে ত্বক ঝলসে যায়, তার সঙ্গে বাড়ে তেলতেলে ভাব ও ব্রণের আক্রমণ। ঘুম থেকে জেগে উঠে অনেকেই দেখেন কপাল ও নাকের পাশে জমে থাকা তেল, যার ফলে ত্বক হয়ে পড়ে মলিন ও নিস্তেজ। এই সমস্যার প্রাকৃতিক ও কার্যকর সমাধান হতে পারে বহুদিনের চেনা উপাদান—মুলতানি মাটি।
রূপচর্চায় মুলতানি মাটির ভূমিকা—
প্রাচীন যুগ থেকেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে মুলতানি মাটি। এটি ত্বকের গভীরে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল দূর করে, ব্রণ ও অন্যান্য সমস্যা কমায়। রাসায়নিক পণ্যের তুলনায় এটি অনেক বেশি নিরাপদ, আর কার্যকারিতার দিক দিয়েও অনেকাংশে এগিয়ে।
মুলতানি মাটির উপকারিতা—
১। ত্বক করে নির্মল: সাধারণ ফেসওয়াশের বদলে ব্যবহার করলে এটি ধুলো, তেল, মৃত কোষ ও ব্ল্যাকহেডস দূর করে ত্বককে দেয় সতেজতা।
২। তৈলাক্ত ত্বকে আরাম: এটি ত্বকের তেল নিয়ন্ত্রণে রাখে ও ব্রণ কমায় কার্যকরভাবে।
৩। রোমকূপ সঙ্কোচন করে: মুখের খোলা রোমকূপ পরিষ্কার করে সেগুলো ছোট করে, ফলে ত্বক হয় আরও মসৃণ ও দীপ্তিময়।
৪। বয়সের ছাপ হ্রাস করে: বলিরেখা কমিয়ে ত্বক রাখে টানটান ও সতেজ।
৫। ক্ষত ও দাগ হালকা করে: রোদে পোড়া দাগ, র্যাশ ও প্রদাহ কমায়, ত্বকের রঙের অসমতা দূর করে।
ব্যবহারের পদ্ধতি—
১। ক্লিনজারের বিকল্প: প্রতিদিনের ফেসওয়াশের পরিবর্তে ব্যবহার করা যায়।
২। টোনার রূপে: ত্বক সতেজ ও পরিষ্কার রাখতে তৈরি করা যায় মুলতানি মাটির টোনার।
৩। ফেসপ্যাক হিসাবে: বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি দিয়ে বাড়িতে তৈরি ফেসপ্যাক দারুণ কার্যকর।
তৈলাক্ত ত্বকের জন্য ফেসপ্যাক রেসিপি—
মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে নিন নিমপাতার গুঁড়ো ও গোলাপজল। মুখে ভালোভাবে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি ত্বক থেকে অতিরিক্ত তেল ও ব্রণের কারণব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করবে।