বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
মৌমাছি মুখে ঢুকতেই হার্ট অ্যাটাক? ভারতের ধনকুবেরের মৃত্যু ঘিরে রহস্য
অনলাইন ডেস্ক
একটি ছোট পতঙ্গ, একটি আকস্মিক দুর্ঘটনা—আর তারই মাশুল হয়তো প্রাণ দিয়ে দিতে হলো এক ধনকুবেরকে! হ্যাঁ, আমরা কথা বলছি ভারতের বিখ্যাত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের মৃত্যু নিয়ে, যা ঘটেছে ২০২৪ সালের ১২ জুন যুক্তরাজ্যে, এক পোলো ম্যাচ চলাকালে। প্রশ্ন উঠছে—মৌমাছির হুলেই কি থেমে গেল জীবন?
৫৩ বছর বয়সী এই ধনকুবের, যিনি ভারতের এক বড় গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন, খেলাধুলা ও অভিজাত জীবনের জন্য পরিচিত ছিলেন। তাঁর প্রাক্তন স্ত্রী ছিলেন বলিউডের নামকরা অভিনেত্রী কারিশমা কাপুর। দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের অবসান ঘটে বিচ্ছেদে, কিন্তু সঞ্জয়ের ব্যক্তিগত এবং পেশাগত জীবন ছিল আলোচিত।
তবে তাঁর আকস্মিক মৃত্যু ঘিরে রহস্যের শেষ নেই। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পোলো খেলার সময় হঠাৎ একটি মৌমাছি তাঁর মুখে ঢুকে পড়ে। এরপরই তিনি ধীরে ধীরে অচেতন হয়ে পড়েন এবং শেষমেশ হৃদ্যন্ত্র বিকল হয়ে মারা যান।
কিন্তু সত্যিই কি শুধু একটি মৌমাছি এমন পরিণতি ঘটাতে পারে?
বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা বিরল হলেও অসম্ভব নয়। ভারতের খ্যাতনামা হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. নিশান্ত কালরা জানান, “ফরেনসিক রিপোর্ট ছাড়া চূড়ান্ত মন্তব্য করা কঠিন। তবে মৌমাছির হুলের কারণে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে, যা মারাত্মক রূপ নিতে পারে।”
তিনি আরও বলেন, যদি মৌমাছি মুখের গভীরে হুল ফুটিয়ে দেয় এবং আক্রান্ত ব্যক্তির শরীরে অ্যালার্জির প্রবণতা থাকে, তাহলে তা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে চরম মাত্রায় সক্রিয় করে তোলে। এর ফলে রক্তচাপ নেমে যেতে পারে, হৃদ্যন্ত্রের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে, এবং অতিসংবেদনশীল প্রতিক্রিয়া (anaphylaxis) শুরু হয়ে হৃদ্রোগ বা হার্ট অ্যাটাক ঘটাতে পারে।
দ্য আমেরিকান একাডেমি অব অ্যালার্জি, অ্যাজমা অ্যান্ড ইমিউনোলজির মতে, পতঙ্গের বিষে অ্যালার্জি থাকলে এটি হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ কমিয়ে দিতে পারে। অনেক সময় শরীরের ভেতরে এমন প্রতিক্রিয়া হয়, যা শ্বাসনালিতে বাধা সৃষ্টি করে। বিশেষ করে যদি মৌমাছিটি মুখের পেছনের অংশে হুল ফুটিয়ে দেয় এবং ফুলে ওঠে, তাহলে তাৎক্ষণিক শ্বাসরুদ্ধ অবস্থা তৈরি হয়—যা জীবনঘাতী হতে পারে।
তবে, এই ঘটনাকে সম্পূর্ণ মৌমাছির কারণে মৃত্যু বলা ঠিক নয় বলেই মত বিশেষজ্ঞদের। কারণ, এ রকম প্রতিক্রিয়া হতে হলে ব্যক্তি বিশেষের অ্যালার্জি ইতিহাস, হৃদ্রোগের ঝুঁকি এবং তাৎক্ষণিক চিকিৎসার অভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, অধিকাংশ মানুষের ক্ষেত্রে মৌমাছি বা মৌচাকের হুল ফুটলেও কেবল লালচে ফুলে ওঠা, চুলকানি বা হালকা ব্যথা হয়। তবে মুখগহ্বরে এমন ঘটনা ঘটলে তা সম্পূর্ণ ভিন্ন মাত্রা নেয়।
সঞ্জয় কাপুরের মৃত্যু নিয়ে এখনো আনুষ্ঠানিক ফরেনসিক প্রতিবেদন প্রকাশ হয়নি। ফলে তাঁর মৃত্যু মৌমাছির কারণে সরাসরি হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এ ঘটনা মানুষকে এক গুরুতর বার্তা দিচ্ছে—কখনো কখনো ছোট একটি পতঙ্গও বড় বিপদের কারণ হতে পারে।
এই মর্মান্তিক ঘটনার সত্যতা যতই ধোঁয়াশা থাকুক, একটি বিষয় স্পষ্ট—মৌমাছির হুল যে কেবল ব্যথার কারণ নয়, দুর্বল স্বাস্থ্যপ্রবণ কারও জন্য তা হতে পারে মৃত্যুও।