রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
পারলার-পার্লার করে আর কত? ব্ল্যাকহেড দূর করুন এখন ঘরেই, সহজে
অনলাইন ডেস্ক
রূপচর্চার পারলার নয়, ব্ল্যাকহেডের সমাধান মিলবে এখন আপনার রান্নাঘরেই!
নাক, কপাল আর থুতনির ছোট ছোট কালো দাগগুলো যেন ত্বকের যত্নে সবচেয়ে বড় মাথাব্যথা! এদের নাম ব্ল্যাকহেড—যারা একবার আসে, বিদায় নিতে চায় না। সেলুনে গিয়ে ঘন ঘন ক্লিনিং করানো যেমন ব্যয়বহুল, তেমনি সময়সাপেক্ষ। অথচ ঘরোয়া উপায়েই ব্ল্যাকহেড কমিয়ে ত্বকে আনা যায় স্বচ্ছতা।
মুখ পরিষ্কারই যত্নের প্রথম ধাপ
প্রতিদিন সকালে ও রাতে ত্বক ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। আপনার স্কিন টাইপ অনুযায়ী ফেসওয়াশ বেছে নিন। ব্রণের প্রবণতা থাকলে স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত ফেসওয়াশ হবে আপনার বন্ধু। তবে অতিরিক্ত ধোয়া নয়—দুবারই যথেষ্ট। বেশি পরিষ্কার করতে গিয়ে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যেতে পারে।
স্টিমে খুলুক লোমকূপের জট
ব্ল্যাকহেড দূর করতে চাইলে প্রথমেই মুখে স্টিম দিন। ফুটন্ত পানি একটি পাত্রে নিয়ে তাতে মুখ ঝুঁকিয়ে রাখুন ৫–১০ মিনিট। তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখলে ভাপ ধরে রাখতে সহজ হবে।
ক্লে মাস্কের ম্যাজিক
সপ্তাহে এক-দুইবার ক্লে মাস্ক ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর হয়। এটি লোমকূপ সংকুচিত করে এবং মুখে এনে দেয় ফ্রেশ লুক।
মাইল্ড এক্সফলিয়েন্ট বেছে নিন
এএইচএ ও বিএইচএ-যুক্ত স্কিনকেয়ার প্রোডাক্ট ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে। অতিরিক্ত ঘষাঘষি না করে সপ্তাহে এক-দুইবার স্ক্রাব করলেই যথেষ্ট।
ডিমের ঘরোয়া প্যাক
ডিমের সাদা অংশ ফেটিয়ে নাকে লাগিয়ে তার ওপর টিস্যু দিন, আবার একটি স্তর দিন ডিমের। শুকিয়ে গেলে সাবধানে টেনে তুলে ফেলুন। এতে ব্ল্যাকহেড সহজে দূর হবে।
বেকিং সোডা স্ক্রাব
এক চামচ বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে আক্রান্ত স্থানে লাগান। এক মিনিট পর ধুয়ে ফেলুন। তবে সপ্তাহে একবারের বেশি নয়!
রেটিনলের চমৎকার উপকারিতা
রাতে রেটিনল ব্যবহার করুন। এটি লোমকূপ পরিষ্কার রাখে ও ত্বক মসৃণ করে। দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।
খোঁচাখুঁচি নয়, বরং রুটিন
হাত দিয়ে খোঁটাখুঁটি না করে স্টিম নিয়ে টুল দিয়ে তুলুন। নিয়ম মেনে যত্ন নিলে ধীরে ধীরে ব্ল্যাকহেড থাকবে নিয়ন্ত্রণে।
সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন
সব চেষ্টা ব্যর্থ হলে চর্মরোগবিশেষজ্ঞের শরণাপন্ন হোন। ত্বকের যত্ন হোক নিয়মিত আর সচেতনতায় ভরপুর।