সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ফ্যাশন নয়, এবার ব্যাগ হোক স্টাইল স্টেটমেন্ট
অনলাইন ডেস্ক
ফ্যাশন ফিরে আসে নতুন রূপে, নতুন গল্পে। আজ যে ব্যাগ হাতে ঝলমল করছেন সেলিব্রেটিরা, কয়েক বছর আগে সেটাই ছিল সবার চোখের আড়ালে। ২০২৫ সাল যেন ব্যাগ-ভক্তদের জন্য একরাশ চমক নিয়ে এসেছে। একদিকে যেমন আধুনিক নকশা, অন্যদিকে প্রয়োজনীয়তা—এই দুইয়ের মিলনই তৈরি করছে ফ্যাশনের নতুন ভাষা।
এই বছরের ট্রেন্ড শুরু হচ্ছে লম্বাটে টোট ব্যাগ দিয়ে। ফ্যাব্রিক, পাট কিংবা চামড়ার তৈরি এই ব্যাগে এখন যুক্ত হচ্ছে বাংলা শব্দ ও মজার ছবি—‘চা খাবেন?’, ‘সিনেমা চলবে’ এমন লেখায় ভরপুর। শুধু ফ্যাশন নয়, দিনভর ব্যবহারের জন্যও আরামদায়ক। চার্লস অ্যান্ড কিথ থেকে শুরু করে গুচ্চি—সবাই আনছে ‘স্লাউচি টোট’ নামে নতুন স্টাইল।
ছোট ব্যাগ? তাদের দাপট একটু কমলেও মুঠোফোন ধরবে এমন সাইজের ব্যাগ এখনও রয়ে গেছে। একেবারে পুঁচকে ব্যাগ—যেটাতে ফোনই ঢোকে না—তা কিছুদিন বাদে হয়তো ফ্যাশনের ইতিহাস হয়ে যাবে।
এবার নজর দিন বড় ব্যাগ-এর দিকে। ক্যাজুয়াল, অফিস কিংবা ট্রাভেল—সব জায়গাতেই দেখা যাচ্ছে বড় ব্যাগের রাজত্ব। এক ব্যাগেই গোটা দিনের জিনিস গুছিয়ে নেওয়া যায়—নো ঝামেলা, নো চিন্তা!
অর্ধচাঁদ আকৃতির ব্যাগ এখনও চলছে, বিশেষ করে যারা হালকা চলাফেরা পছন্দ করেন তাদের জন্য আদর্শ। স্টাইলিশ, ফিটিং আর পরিবেশবান্ধব—এই তিন উপাদানে তৈরি হচ্ছে নতুন প্রজন্মের ব্যাগ।
এ বছর ব্যাগের হাতলে চেইনের ব্যবহার আর কি–রিং যোগ হচ্ছে নতুন ট্রেন্ড হিসেবে। সামনের বছর ধাতব ঝালরের নাটকীয় উপস্থিতিও ব্যাগের নকশায় চমক আনবে। ‘ইস্ট ওয়েস্ট’ বা ‘স্ট্রেইট অ্যান্ড ন্যারো’ স্টাইলের ব্যাগে এখন লাগছে ছোট বড় পকেট, যেন দরকারি জিনিসগুলো থাকে হাতের নাগালে।
রঙের ক্ষেত্রেও বৈচিত্র্য—গাঢ় লাল, কালো, সবুজ, প্যাস্টেল কিংবা বাদামি। আবার পুরোনো প্রেম ব্যাকপ্যাক ফিরেও এসেছে নতুন রূপে।
শেষ কথাটা বলি—ব্যাগ বেছে নিন নিজের স্টাইল, প্রয়োজন আর আবহাওয়া মাথায় রেখে। বৃষ্টির দিনে সোয়েড ব্যাগ নয়, আর উৎসবের রাতে ফ্যাব্রিক টোট নয়—কারণ ফ্যাশন মানে শুধু বাহারি নয়, বুদ্ধিমত্তাও!