রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নিজের হাতে সবুজের ছোঁয়া, কিন্তু প্রতিবেশী রইল অখুশি—সমাধান আছে!
অনলাইন ডেস্ক
ইট-কাঠের এই যান্ত্রিক শহরে প্রকৃতির কাছে ফেরার একমাত্র উপায় যেন ছাদবাগান। সকালবেলা ফুলের সুবাস, বিকেলে টবের পাশে চা—সবুজ একটা কোণ এখন সবারই চাওয়া। ছাদে কিংবা বারান্দায় গাছ লাগানো শুধু চোখের শান্তি নয়, এটি হয়ে উঠছে পরিবারের অক্সিজেনের উৎস আর ফ্রেশ ফল-ফসলের সরবরাহ। তবে মধুর এই উদ্যোগে যদি কারও তিতকুটে বিরক্তি জুটে—তবে?
একই ভবনের অনেক বাসিন্দা যখন এক ছাদের নিচে, তখন একজনের বাগান অন্যের বিরক্তির কারণ হতে পারে। ছাদে মাটি তোলা কিংবা টব বসানোতে বাড়ে ওজনের চাপ। তাই ছাদে গাছ লাগানোর আগে ছাদের সহনশীলতা জেনে নেওয়া জরুরি।
টব থেকে গড়িয়ে পড়া অতিরিক্ত পানি নিচের ফ্ল্যাটে পৌঁছে দিলে ঝামেলা বাঁধতেই পারে। তাই টবের নিচে ট্রে রাখুন আর পানি দিন পরিমিতভাবে, যেন মেঝেতে জলকাদার রাজত্ব না হয়। স্প্রে করলে খেয়াল রাখুন, নিচে কেউ কাপড় শুকোচ্ছে কি না।
অনেকে ছাদে হাঁটেন, বসেন, বা শুকাতে দেন আচার, কুমড়ার বড়ি—গাছ যদি তাদের কাজে বাধা দেয়, তবে দ্বন্দ্ব বাড়বে বই কমবে না। তাই ছাদের কিছুটা জায়গা ফাঁকা রাখুন, বাকি অংশে সবুজের রাজত্ব।
পাতা ঝরলে তারাও বিরক্ত হতে পারেন। গাছের ডাল ছাঁটাই রাখুন নিয়মিত। ডেঙ্গু-আতঙ্কে ছাদবাগান দোষারোপ পায় প্রায়ই। মশা যাতে বংশ না বাড়াতে পারে, সে জন্য জমা পানি সরান, শাপলা বা পদ্ম রাখতে চাইলে গাপ্পি মাছ দিন।
আরেকটা চুপচাপ সমস্যা—হিংসা। কারও কারও চোখে গাছের ফল-ফসল হতে পারে রাগের কারণ। তাদের ভালোবাসায় টানতে মাঝেমধ্যে ফল, ফুল বা গাছের চারা ভাগাভাগি করুন। দেখবেন, আপনিই ছাদে বাগান করার অনুপ্রেরণা হয়ে উঠেছেন!
সব শেষে মনে রাখুন, ছাদবাগান শুধু আপনার নয়, সবার। সুগন্ধি ফুল, টাটকা ফল আর শান্তির পরশ যদি সবার মন জিতে নিতে পারে, তবে এই শহরের প্রতিটা ছাদ একদিন হয়ে উঠবে সবুজ-সৌন্দর্যের প্রতীক।