রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
হেয়ারফলে অতিষ্ঠ? মাথা চুলকে চুল উঠে যাচ্ছে? খুশকিই হতে পারে দোষী!
অনলাইন ডেস্ক
চুলে খুশকি শুধু বিরক্তিরই কারণ নয়, বরং এটি চুল পড়ে যাওয়া, চুল রুক্ষ হয়ে যাওয়া এবং মাথার ত্বকের নানা সমস্যার শুরু। অথচ আমরা অনেকেই জানি না, এই খুশকির পেছনে রয়েছে শরীরের একেবারে স্বাভাবিক একটি প্রক্রিয়া। আমাদের শরীর নিয়মিতভাবে মৃত কোষ ঝরিয়ে দেয়, যা সাধারণত চোখে পড়ে না। কিন্তু যখন মাথার ত্বকে এই মৃত কোষ অতিরিক্ত পরিমাণে ঝরতে থাকে, তখনই দেখা দেয় খুশকির সমস্যা।
বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তারা সবচেয়ে বেশি আক্রান্ত হন খুশকিতে। এটা পুরোপুরি নির্মূল করা কঠিন হলেও কিছু ঘরোয়া উপায়ে নিয়মিত যত্ন নিলে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
প্রাকৃতিক শ্যাম্পুতে হবে সমাধান:
সাধারণ শ্যাম্পু ব্যবহারের বদলে প্রাকৃতিক উপায় বেছে নিলে খুশকির বিরুদ্ধে লড়াইটা সহজ হবে। এক কাপ কুসুম গরম পানিতে রিঠা ভিজিয়ে রাখুন পুরো রাত। সকালে সেই পানি ছেঁকে নিয়ে মাথা ধুয়ে ফেলুন। রিঠার অ্যান্টিফাংগাল উপাদান খুশকি কমাতে সাহায্য করে।
আরেকটি কার্যকর উপায় হলো মেথি ও মৌরির মিশ্রণ। আধা কাপ মৌরি ও এক-তৃতীয়াংশ কাপ মেথি সারা রাত ভিজিয়ে রেখে সকালে ব্লেন্ড করে নিন। সামান্য পানি মিশিয়ে মাথার ত্বকে ৩০ মিনিট রেখে দিন, এরপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার খুশকি কমাবে অনেকটাই।
চুল আঁচড়ানোর টেকনিকেও আছে ম্যাজিক:
চুল আঁচড়ানো শুধু সাজের জন্য নয়, বরং এটি মাথার রক্ত সঞ্চালন বাড়িয়ে খুশকি দূর করতেও সাহায্য করে। তবে এর জন্য চাই সঠিক পদ্ধতি। মাথা নিচু করে চুল সামনে এনে ঘাড় থেকে কপাল বরাবর চিরুনি চালান। এতে মৃত কোষ ঝরে পড়ে এবং ত্বকের তেল পুরো মাথায় সমভাবে ছড়িয়ে পড়ে, যা খুশকি কমায়।
খুশকির সমস্যা যত তাড়াতাড়ি চিহ্নিত করা যাবে, তত সহজ হবে সমাধান। তাই আজ থেকেই এই ঘরোয়া টিপসগুলো শুরু করুন। আপনি ফিরে পাবেন ঝরঝরে, উজ্জ্বল ও খুশকিমুক্ত স্বাস্থ্যোজ্জ্বল চুল।