বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
৬০ কিমি গতিতে আসছে ঝড়, সাবধান হোন এখনই!
ঢাকাসহ দেশের ৭টি জেলায় ঘন্টায় ৬০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বজ্রবৃষ্টি হতে পারে, যার ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে নদীবন্দর এলাকায়।
সোমবার (২১ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার বিশেষ পূর্বাভাস জারি করা হয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি গতিতে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে থাকবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এসব এলাকার নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্কসংকেত (পুনঃ) দেখাতে বলা হয়েছে।
এদিকে, দেশের চারটি বিভাগে ভারি বর্ষণের আরও একটি সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। রোববার (২০ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বরাতে গণমাধ্যম জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের (২৪ জুলাই) মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে।
আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরজুড়ে তা মধ্যম আকারে বিরাজ করছে। ফলে বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সম্ভাব্য লঘুচাপের কারণে দেশে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে, যা জনজীবন ও পরিবহন খাতে প্রভাব ফেলতে পারে। কৃষিকাজেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।