বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ডেঙ্গু বাড়ছে নীরবে, আজও হাসপাতালে শত শত রোগী!
অনলাইন ডেস্ক
নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৯ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ২১৮ জনে।
রোববার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৪২৯ জন। তবে আশার খবর, এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
নতুন আক্রান্তদের ভৌগলিক বণ্টনে দেখা গেছে—বরিশাল বিভাগে ১৩৩, চট্টগ্রামে ৭৮, ঢাকা বিভাগের শহরের বাইরের এলাকায় ২৪, ঢাকা উত্তর সিটিতে ১৮, দক্ষিণ সিটিতে ৫৬, খুলনায় ৫৫, ময়মনসিংহে ১১, রাজশাহীতে ৪৮ এবং রংপুর বিভাগে ভর্তি হয়েছেন ৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১১ জন। এ নিয়ে মোট ১৫ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এর আগে ২০২৩ সালে ডেঙ্গু কেড়ে নিয়েছিল ১ হাজার ৭০৫ জনের প্রাণ, আর হাসপাতালে ভর্তি হয়েছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।