বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
একটি টায়ার ফেটে থেমে গেল জোতার জীবন ও স্বপ্ন
অনলাইন ডেস্ক
সড়ক দুর্ঘটনায় লিভারপুল ও পর্তুগালের ফুটবল তারকা দিয়েগো জোতা ও তাঁর ভাই আন্দ্রের করুণ মৃত্যুতে স্তব্ধ ফুটবলবিশ্ব। রোনালদো, মেসি থেকে শুরু করে বহু ফুটবল গ্রেট জোতার স্মৃতিতে হৃদয়ছোঁয়া শোকবার্তা দিয়েছেন। খবরটি সামনে আসতেই অ্যানফিল্ডের গেটের সামনে জমে ওঠে আবেগঘন মুহূর্ত, জোতার জন্য ফুল হাতে শোক প্রকাশ করেন শত শত লিভারপুল সমর্থক।
ভক্তদের অনেকেই আবেগে জোতার ২০ নম্বর জার্সি অবসরের দাবিতে সরব হন। সেই আবেগের প্রেক্ষাপটেই এক বিবৃতিতে লিভারপুল ক্লাব জানায়, “২০২৪-২৫ মৌসুমে আমাদের ২০তম লিগ জয়ের পেছনে ২০ নম্বর জার্সিধারীর অবদান চিরস্মরণীয় থাকবে। এপ্রিলে মার্সিসাইড ডার্বির শেষ গোলটিই ছিল তাঁর শেষ হাসি। সেই শরীর দুলিয়ে হালকা চালে গোল করা দৃশ্য আজও চোখে ভাসে।”
গণমাধ্যম জানিয়েছে, যদিও ক্লাব কর্তৃপক্ষ সরাসরি ২০ নম্বর জার্সি অবসরের কথা বলেনি, তবুও সমর্থকরা এটিকে সেই ঘোষণার প্রতীক বলেই ধরে নিয়েছেন। অনেক সংবাদমাধ্যমের মতে, ‘অমর হয়ে যাওয়া’ মানেই সম্ভবত আর কেউ এই জার্সি পরবেন না।
ভক্তদের আবেগ যেন থামছেই না। মিকি জুনিয়র নামে একজন টুইটে লেখেন, “জোতা ২০ নম্বর পরে খেলতেন, আর এবার লিভারপুল ২০তম শিরোপা জিতেছে। আমাদের হৃদয়ে ২০ নম্বর চিরজীবী হোক।” এমন আবেগঘন প্রতিক্রিয়া ছুঁয়ে গেছে ফুটবলপাড়াকে।
এইদিকে, জোতার জন্মস্থান পর্তুগালের গোন্দোমারে শনিবার সকালে তাঁর ও ভাইয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে স্থানীয় প্রধান গির্জা ‘ইগ্রেজা মাতৃজ দে গোন্দোমার’-এ। তার আগে আজ শুক্রবার বিকেলে ওই গির্জার ফিউনারেল চ্যাপেলে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা সমাহিত হবেন পারিবারিক সমাধিক্ষেত্রে।